Advertisement
E-Paper

ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গেল নাকি! নেদারল্যান্ডসে গিয়ে প্রবাসী ভারতীয়দের পশ্চিমবঙ্গের ভোটের কথা বললেন মোদী

গত এপ্রিলে ভোটের প্রচারে ঝাড়গ্রামে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রচারপর্বে তা নিয়ে বিভিন্ন ভাবে খোঁচা দিয়েছিল তৃণমূল। এ বার নেদারল্যান্ডসে গিয়েও সেই ঝালমুড়ির প্রসঙ্গ তুললেন মোদী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৬:০৫
শনিবার নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

ঝাড়গ্রামে ভোটের প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন। বলেছিলেন, “ঝালমুড়ি আমি খেয়েছি, ঝাল লেগেছে তৃণমূলের।” এ বার পশ্চিমবঙ্গ জয়ের পরে নেদারল্যান্ডসে গিয়েও সেই ঝালমুড়ির কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবাসী ভারতীয়দের বললেন, “ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে নাকি!”

সংযুক্ত আরব আমিরশাহি হয়ে প্রধানমন্ত্রী পৌঁছেছেন নেদারল্যান্ডসে। শনিবার সেখানে দ্য হেগ শহরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন তিনি। ওই আলোচনার সময় পাঁচ রাজ্যের ভোট প্রসঙ্গ উঠতেই আসে ঝালমুড়ির কথা। তিনি বলেন, “যখন সাধারণ মানুষের স্বপ্ন সত্যি হয়, তখন গণতন্ত্রের উপর তাঁদের ভরসা বৃদ্ধি পায়।” এ প্রসঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলির কথা বলতেই চারদিক থেকে উল্লাসধ্বনি ভেসে আসে। তা শুনে প্রধানমন্ত্রী বলেন, “ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে?” পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনে ভোটদানের হারের কথাও উল্লেখ করেন মোদী। জানান, সব ক্ষেত্রেই ৮০-৯০ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে প্রতিটি রাজ্যে মহিলাদের ভোটদানের হারও উল্লেখযোগ্য ছিল বলে জানান তিনি।

গত এপ্রিলে ভোটের প্রচারে ঝাড়গ্রামে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামের সভা শেষ করে পরবর্তী সভাস্থলের উদ্দেশে রওনা দিতে হেলিপ্যাডের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই কলেজ মোড়ের কাছে হঠাৎ দাঁড়িয়ে যায় তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে একটি ঝালমুড়ির দোকানে এগিয়ে যান তিনি। ১০ টাকার ঝালমুড়ি কিনে খান দোকান থেকে। ঝাল, পেঁয়াজ খাবেন কি না, তা নিয়ে বিক্রেতা জানতে চাইলে ঈষৎ হাসিমুখে জানান, তিনি ঝালও খান, পেঁয়াজও খান। বলেন, “সির্‌ফ দিমাগ নেহি খাতা হুঁ (শুধু মাথা খাই না)”।

প্রধানমন্ত্রীর ওই ঝালমুড়ি খাওয়া নিয়ে প্রচারপর্বে বিভিন্ন ভাবে খোঁচা দিয়েছিল তৃণমূল। গোটা বিষয়টিকে ‘নাটক’ বলে কটাক্ষও করেছিল। তার জবাব দিয়েছিলেন মোদীও। কয়েক দিন পরেই আবার রাজ্যে ভোটের প্রচারে এসে বলেছিলেন, “ঝালমুড়ি কিছু লোককে জোরে ধাক্কা দিয়েছে। আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।”

পশ্চিমবঙ্গ জয়ের পরে মিষ্টির সঙ্গে ঝালমুড়ি বিতরণ হবে বলেও ঘোষণা করেছিলেন মোদী। পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই ঝালমুড়ি বিলির দৃশ্যও ধরা পড়ে। এ বারে সেই ঝালমুড়ির কথা বিদেশের মাটিতেও পৌঁছে দিলেন মোদী। নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস দেখে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তুলে ধরলেন ঝালমুড়ির কথা।

ছ’দিনের এই বিদেশ সফরে বেরিয়ে প্রধানমন্ত্রী প্রথমে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখান থেকে তিনি পৌঁছে যান নেদারল্যান্ডসে। এর পরে নরওয়ে, সুইডেন এবং ইটালিতেও যাবেন তিনি।

Narendra Modi Netherlands
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy