Advertisement
E-Paper

মুখ বুজে না-সয়ে ইরানেও পাল্টা বোমাবর্ষণ করেছিল সৌদি! মাস দেড়েক আগে যুদ্ধ চলাকালীন ‘গোপন’ হামলার কথা প্রকাশ্যে

প্রসঙ্গত, বার বার হামলার মুখে পড়ে ইরানকে হুঁশিয়ারিও দিয়েছিল সৌদি। ফের হামলা হলে, তারাও চুপ করে বসে থাকবে না বলেও ইরানকে সতর্ক করা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৩:৩৪
ইরানে হামলা সৌদি আরবের। প্রতিনিধিত্বমূলক ছবি।

ইরানে হামলা সৌদি আরবের। প্রতিনিধিত্বমূলক ছবি।

ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব। বেশ কয়েকটি জায়গায় বোমাবর্ষণ করা হয়েছে। তবে কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে, সেই বিষয়টি স্পষ্ট নয়। এমনই একটি প্রতিবেদন প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত চলাকালীন গত মার্চে এই হামলা চালিয়েছিল সৌদির বায়ুসেনা। যদিও সৌদির বিদেশ মন্ত্রকের তরফে এই হামলা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে সে দেশের প্রতিরক্ষা বিষয়ের সঙ্গে জড়িত এক সূত্রের দাবি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতেই এই হামলা চালানো হয়েছিল। ওই সূত্রের আরও দাবি, এই সামরিক অভিযান ছিল ইরানের হামলার পাল্টা জবাব।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত শুরু হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নামে আমেরিকা এবং ইজ়রায়েল। এক মাসেরও বেশি সময় ধরে চলা সেই সামরিক সংঘাতে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে আমেরিকা ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলিতেও। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি-সহ বেশ কয়েকটি দেশে লাগাতার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছিল, আমেরিকাকে যারা সমর্থন করবে, সেই সব দেশেই হামলা চালানো হবে।

ফলে ওই সময়ের মধ্যে বেশ কয়েক বার হামলার মুখে পড়ে উপসাগরীয় দেশগুলি। সৌদি, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহির বহু ঠিকানায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়। উপসাগরীয় দেশগুলিতে আমেরিকার তৈলক্ষেত্র এবং বিভিন্ন সামরিক ঘাঁটিগুলিকেও নিশানা বানানো হয়েছিল। পরবর্তী কালে, ইরান যখন হরমুজ় প্রণালীকে অবরুদ্ধ করে, সেই সময়েও আমেরিকাকে সৌদি প্রস্তাব দিয়েছিল প্রয়োজনে তারাও নৌবাহিনী নামাতে প্রস্তুত। যে ভাবেই হোক হরমুজ়কে দখলমুক্ত করতে আমেরিকাকে সহযোগিতা করতে রাজি ছিল তারা। যদিও নৌবাহিনী নামায়নি সৌদি। তবে বার বার হামলার মুখে পড়ে তারাও যে চুপ থাকেনি, সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। গোপনে সামরিক অভিযান চালায় সৌদিও।

প্রসঙ্গত, বার বার হামলার মুখে পড়ে ইরানকে হুঁশিয়ারিও দিয়েছিল সৌদি। ফের হামলা হলে, তারাও চুপ করে বসে থাকবে না বলেও ইরানকে সতর্ক করা হয়েছিল। যদিও পরবর্তীকালে দুই দেশের মধ্যে গোপনে কূটনৈতিক আলোচনা হয় বলে সূত্রের খবর। দুই দেশই সম্মত হয় যে কেউ কারও বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে না। তার পরেই এই খবর প্রকাশ্যে এল, মার্চের শেষের দিকে হামলা চালিয়েছিল সৌদি।

Saudi Arabia Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy