Advertisement
E-Paper

অ্যাটর্নি জেনারেলের পর মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধানকেও বরখাস্ত করবেন ট্রাম্প? ‘জমানা বদল’ নিয়ে গুঞ্জন আমেরিকায়

ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা ‘জমানা বদলের’ ডাক দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকায় জোর গুঞ্জন যে মার্কিন প্রশাসনের অন্দরেই জমানা বদল করতে চলেছেন ট্রাম্প।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৫:১২
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা ‘জমানা বদলের’ ডাক দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকায় জোর গুঞ্জন যে মার্কিন প্রশাসনের অন্দরেই জমানা বদল করতে চলেছেন ট্রাম্প। বৃহস্পতিবারই আমেরিকার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পাম বন্ডিকে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। এই পরিস্থিতিতে মার্কিন ম্যাগাজ়িন ‘দ্য আটলান্টিক’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ডিরেক্টর, ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেলকে বরখাস্ত করতে পারেন ট্রাম্প।

শুধু পটেলই নন, ওই প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থা (ইউনাইটেড স্টেটস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স-র প্রধান, আর এক ভারতীয় বংশোদ্ভূত তুলসী গাবার্ডের অপসারণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জো কেন্ট দাবি করেছিলেন, ইরানের দিক থেকে আমেরিকার এখনই কোনও নিরাপত্তাগত ঝুঁকি নেই। একটি সূত্রের দাবি, তার পরেই কেন্টকে পদত্যাগ করতে বলা হয়। সেই সময় নাকি নিজের ডেপুটির ‘যথাযথ’ সমালোচনা করেননি তুলসী। বিষয়টি ভাল ভাবে নেননি ট্রাম্প।

বন্ডির অপসারণের পর আমেরিকার বিচার দফতরের শীর্ষ পদের দায়িত্ব সামলানোর ভার সাময়িক ভাবে দেওয়া হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকে। সূত্রের খবর, যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে অভিযোগগুলি বন্ডি যে ভাবে সামলাচ্ছিলেন তাতে ট্রাম্প সন্তুষ্ট ছিলেন না। তা নিয়ে বিতর্কও বাড়ছিল। চাপ বাড়ছিল ট্রাম্পের উপরে। তিনি মনে করছিলেন, সরকার বিরোধী ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলিও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারছেন না বন্ড। সম্ভবত তাই তাঁকে বরখাস্ত করা হয়েছে।

Advertisement

অন্য দিকে, বৃহস্পতিবারই আমেরিকার সেনা সর্বাধিনায়ক (আর্মি চিফ অফ স্টাফ) র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ সরে দাঁড়ানোর বার্তা দেন জর্জকে। এর আগে কোনও দেশের সঙ্গে সামরিক সংঘাত চলার সময় সেনা সর্বাধিনায়ককে সরিয়ে দেওয়ার নজির আমেরিকায় ছিল না। কী কারণে সেনা সর্বাধিনায়ককে বরখাস্ত করা হল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

US Kash Patel Tulsi Gabbard
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy