Advertisement
E-Paper

নভেম্বর থেকে আমেরিকায় চাকরি হারিয়েছেন দু’লক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী, ৪০ শতাংশই ভারতীয়

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত নভেম্বর থেকে দু’লক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী আমেরিকায় কাজ হারিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই চাকরি করতেন গুগল, মাইক্রোসফট, অ্যামাজনে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৭:২০
একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত নভেম্বর থেকে দু’লক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী আমেরিকায় কাজ হারিয়েছেন।

একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত নভেম্বর থেকে দু’লক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী আমেরিকায় কাজ হারিয়েছেন। ছবি: প্রতীকী

গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। তার জেরে আমেরিকায় কাজ হারিয়েছেন হাজার হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। শর্ত মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি জোগাড় করতে না পারলে বাতিল হবে ওয়ার্কিং ভিসা। ফলে বিপাকে ভারতীয় তথ্যপ্রযুক্তিকর্মীরা।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত নভেম্বর থেকে দু’লক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী আমেরিকায় কাজ হারিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই চাকরি করতেন গুগল, মাইক্রোসফট, অ্যামাজনে। পরিসংখ্যান বলছে, চাকরি থেকে ছাঁটাই যাঁরা হয়েছেন, তাঁদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। তাঁদের মধ্যে আবার বেশির ভাগই আমেরিকায় চাকরি করছেন এইচ-১বি বা এল১ ভিসায়।

বিদেশি তথ্যপ্রযুক্তি কর্মী নিয়োগের জন্য আমেরিকার সংস্থাগুলিকে অনুমোদন দেয় এইচ-১বি ভিসা। এই ভিসার মাধ্যমে আমেরিকার সংস্থাগুলি চিন, ভারতের মতো দেশ থেকে প্রতি বছর প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করে। এল-১এ, এল-১বি ভিসার মাধ্যমে অস্থায়ী ভাবে ম্যানেজার বা অন্য শীর্ষ পদের জন্য কর্মী নিয়োগ করে আমেরিকান সংস্থাগুলি। এইচ-১বি, এল-১এ ভিসায় যাঁরা আমেরিকায় চাকরি করতে গিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন বেকার। এ দিকে চাকরি হারানোর ৬০ দিনের মধ্যে নতুন চাকরি না পেলে বাতিল হবে ভিসা। ফলে উদ্বেগে কাটাচ্ছে বহু ভারতীয় পরিবার।

অ্যামাজন সংস্থায় চাকরি করেন গীত (নাম পরিবর্তিত)। তিন মাস আগে এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। চলতি সপ্তাহে সংস্থা তাঁকে চাকরি থেকে ছাঁটাই করেছে। সংস্থায় তাঁর চাকরির শেষ দিন ২০ মার্চ। পরের ৬০ দিনের মধ্যে চাকরি না পেলে দেশে ফিরতে হবে তাঁকে।

এইচ-১বি ভিসায় আমেরিকায় মাইক্রোসফট সংস্থায় চাকরি করেন সীতা (নাম পরিবর্তিত)। ১৮ জানুয়ারি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে সংস্থা। সীতার এক ছেলেও রয়েছে। ছেলের দায়িত্ব তাঁর কাঁধেই। সীতা জানিয়েছেন, আমেরিকায় হাই স্কুলে পড়ে ছেলে। কলেজে ভর্তি হবে। তাঁর কথায়, ‘‘পরিস্থিতি সত্যিই খুব কঠিন।’’

সিলিকন ভ্যালির এক উদ্যোগপতি অজয় জৈন ভুতোরিয়া বলেন, ‘‘হাজার হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী, বিশেষত এইচ-১বি ভিসায় আসা কর্মী চাকরি হারাচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। চাকরি হারানোর ৬০ দিনের মধ্যে নতুন কাজ না পেলে তাঁরা দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন।’’ অজয় জানিয়েছেন, এতে কর্মীদের পরিবারও বিপাকে পড়ছে। তাঁদের সন্তানদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। অভিবাসন দফতরের কাছে এইচ-১বি ভিসার শর্ত বদলানোরও দাবি জানিয়েছেন তিনি।

চাকরি যাঁরা খুইয়েছেন, তাঁদের পাশে দাঁড়িয়েছে আমেরিকার দু’টি সংগঠন। তাদের মধ্যে একটি আবার প্রবাসী ভারতীয়দের। এই সংগঠন দু’টি নিয়োগকারী সংস্থার সঙ্গে চাকরিপ্রার্থীদের যোগাযোগ করিয়ে দিচ্ছে। চাকরিপ্রার্থী ভারতীয় প্রযুক্তিকর্মীরা হোয়াটস্অ্যাপে গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। তাতে দেখা গিয়েছে, এক-একটি গ্রুপে ৮০০ জনেরও বেশি সদস্য রয়েছেন।

Unemployment Recession US Amazon IT Job Microsoft
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy