Advertisement
E-Paper

বাংলাদেশের ভোটের ফল। পুরুলিয়ায় অভিষেক। বাজেট অধিবেশন। নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর। আর কী

বাংলাদেশের ভোট গণনা, বান্দোয়ান যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সংসদ অধিবেশন, ঠিকানা বদলাচ্ছে প্রধানমন্ত্রীর দফতরের, উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা, কলকাতা পুরসভার বাজেট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

বাংলাদেশে কারা আসবে ক্ষমতায়, তা স্পষ্ট হয়ে যাবে আজই। বৃহস্পতিবার ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর পরই শুরু হয়ে গিয়েছে গণনা। ভোটকেন্দ্র ধরে ধরে গণনা চলছে। পাশাপাশি, এ বছরে একই সঙ্গে জোড়া ভোটগ্রহণ হয়েছে বাংলাদেশে। একটি পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার ভোট। অন্যটি, সে দেশে প্রয়োজনীয় সংস্কারের জন্য জনতার মতামত নেওয়ার গণভোট। দু’টি ভোটই একসঙ্গে হয়েছে। এবং, উভয়ই ব্যালটে। সেই কারণে ফল ঘোষণা হতে কিছুটা বেশি সময় লাগছে। যদিও গণনার প্রাথমিক আভাস বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আসতে শুরু করেছে। ভোটের লড়াই চলছে মুলত বিএনপির জোট এবং জামায়াতের জোটের মধ্যে। বাংলাদেশে নতুন সরকার গড়ার পথে কোন দল, সে দিকে নজর থাকবে আজ।

মহারাষ্ট্রের পুণেতে নিহত পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে আজ বান্দোয়ান যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনিতেই এই মৃত্যুকে ঘিরে তৃণমূলের দাবি এবং পুণে পুলিশের বয়ান ঘিরে সংঘাত তৈরি হয়েছে। অভিষেক গিয়ে নতুন কী বলেন সেই খবরে নজর থাকবে।

ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতার বিরুদ্ধে ভাষণ দেওয়ার পর রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ করার আর্জি জানিয়ে লোকসভায় নোটিস জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বৃহস্পতিবার দিনভর তা নিয়ে সংসদ উত্তপ্ত ছিল। শুক্রবারও লোকসভা এবং রাজ্যসভায় সুর চড়াবেন বিরোধী সাংসদেরা। ফলে ফের সংসদের দুই কক্ষ উত্তপ্ত হতে পারে। গত ২৮ জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হয়েছে। চলবে ২ এপ্রিল পর্যন্ত।

ঠিকানা বদলাচ্ছে প্রধানমন্ত্রীর দফতরের। প্রধানমন্ত্রীর নতুন দফতর হবে সেন্ট্রাল ভিস্তার ‘এগ্‌জ়িকিউটিভ এনক্লেভ ওয়ান’-এর ‘সেবাতীর্থ’ ভবনে। শুক্রবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী সেবাতীর্থ এবং কর্তব্যভবন-১ ও কর্তব্যভবন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর পরে সন্ধে ৬টায় সেবাতীর্থে এক কর্মসূচিতে তিনি বক্তৃতা করবেন। আজ প্রধানমন্ত্রীর এই কর্মসূচি নজরে থাকবে।

আজ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষায় মোবাইল ব্যবহারের জন্য এক জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের প্রথম দিন অনুপস্থিত মোট ৪,৮৩৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে চতুর্থ সেমেস্টারে অনুপস্থিত ৩,৩৫৬ জন। পুরনো পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনুপস্থিত ৬৫৯ জন। আর তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনুপস্থিত ৮১৯ জন।

কলকাতা পুরসভার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ হবে আজ। দুপুরে মেয়র ফিরহাদ হাকিম এই বাজেট পেশ করবেন। ঘটনাচক্রে, এই বাজেট কলকাতা পুরসভার চলতি বোর্ডের শেষ বাজেট হবে। কারণ এ বছর ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। তাই এ বছরের বাজেটে বেশ কিছু চমক থাকবে বলেই মনে করা হচ্ছে। পুর অধিবেশনের শেষে বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত ‘টক টু মেয়র’ কর্মসূচি হবে। গত কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ফের এই কর্মসূচি শুরু করবেন মেয়র ।

দলের একাধিক ক্রিকেটারের চোট থাকা সত্ত্বেও টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার তারা খেলতে নামছে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। চোট সারিয়ে মিচেল মার্শ ফিরতে পারেন কি না, সে দিকে নজর থাকবে। সকাল ১১টা থেকে শুরু ম্যাচ। দুপুর ৩টেয় দিল্লিতে মুখোমুখি কানাডা এবং সংযুক্ত আমিরশাহি। সন্ধ্যা ৭টা থেকে চেন্নাইয়ে খেলবে আমেরিকা এবং নেদারল্যান্ডস।

টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অনায়াসেই নামিবিয়াকে হারিয়ে দিয়েছে ভারত। সূর্যকুমার যাদবদের পাখির চোখ এ বার পাকিস্তান ম্যাচ। রবিবারের সেই ম্যাচের জন্য শুক্রবারই কলম্বোর উদ্দেশে রওনা দেওয়ার কথা ভারতীয় দলের। কে কী ভাবছেন সেই ম্যাচ নিয়ে, সেই খবরে নজর থাকবে।

News of the Day Rahul Gandhi Kolkata Municpal Corporation Abhishek Banerjee Bangladesh general election ICC T20 World Cup 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy