Advertisement
E-Paper

এত সহজে ইরানে জমানা বদল হবে না, সেই সম্ভাবনাও কম! ইঙ্গিত দিচ্ছেন মার্কিন গোয়েন্দারা, দাবি রিপোর্টে

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বার বারই বলেছেন, ইরানের জমানা বদলের সময় এসে গিয়েছে। ইরান জুড়ে গত বছরের ডিসেম্বরে গণবিক্ষোভ শুরু হয়, সেই সময় ইরান প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ান ট্রাম্প।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৫:৩৯
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই। ছবি: রয়টার্স।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই। ছবি: রয়টার্স।

এত সহজে ইরানের জমানা বদল হবে না। শুধু তা-ই নয়, ইরানের নেতৃত্বকে সহজে সরানো যাবে বলে যদি মনে করা হয়, সেই সম্ভাবনাও কম। ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ায় যে সামরিক সংঘাত শুরু হয়েছে, সেই আবহেই মার্কিন গোয়েন্দাদের একটি রিপোর্টে এই ইঙ্গিত দেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দাদের একটি সূত্র দাবি করেছে, গোয়েন্দাদের বেশ কয়েকটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরান সরকারের এখনই ভেঙে পড়ার কোনও ঝুঁকি বা বিপদ নেই। বরং ইরানের ক্ষমতা থাকবে বর্তমান নেতৃত্বের হাতেই। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে নেমেছে আমেরিকা এবং ইজ়রায়েল। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়া থেকে তেল বিশ্ববাজারে ঠিকমতো পৌঁছোতে না পারায় দাম বাড়তে শুরু করেছে। সামরিক সংঘাত থামানোর দাবি জোরালো হতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবিও করেন যে, ইরানের অস্ত্রশক্তি কমে এসেছে। এই সংঘাত শেষ হতে বেশি দিন বাকি নেই।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির ঠিক উল্টোটাই বলা হচ্ছে মার্কিন গোয়েন্দাদের রিপোর্টে। ইরানকে খুব হালকা ভাবে নেওয়াটা সহজ হবে না। কারণ, ইরানের কট্টরপন্থী নেতারা যে পথে হাঁটতে শুরু করেছেন, সংঘাত এত সহজে থেমে যাবে বলে মনে করছেন না গোয়েন্দারা। এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে ওই রিপোর্টে। ওই প্রতিবেদন অনুযায়ী, ইজ়রায়েলে এক বৈঠকে সে দেশের নেতৃত্বও স্বীকার করেছেন যে, এই সামরিক সংঘাতে যে ইরানের ক্ষমতা বদল হবে, এর কোনও নিশ্চয়তা নেই। যদিও আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এই রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করেনি। হোয়াইট হাউসের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বার বারই বলেছেন, ইরানের জমানা বদলের সময় এসে গিয়েছে। ইরান জুড়ে গত বছরের ডিসেম্বরে গণবিক্ষোভ শুরু হয়, সেই সময় ইরান প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, বিক্ষোভকারীদের উপর গুলি চালালে, তাঁদের মৃত্যুদণ্ড দিলে পরিণতি খুব খারাপ হবে। তার পরই ইরানবাসীদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছিলেন, ক্ষমতা বদলানোর সময় এসে গিয়েছে। সাম্প্রতিক সামরিক সংঘাতে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পরেও ট্রাম্প ইরানবাসীদের উদ্দেশে বলেছিলেন, নতুন সরকার গঠনের জন্য প্রস্তুতি নিন। তবে খামেনেইয়ের মৃত্যুতে যে ইরানকে দমানো সম্ভব নয়, এ বার সেই ইঙ্গিত দিলেন মার্কিন গোয়েন্দারা।

US Intelligence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy