দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পরে আমেরিকা ও কিউবার মধ্যে ফের সরাসরি বিমান চালুর ইঙ্গিত। আগামী মঙ্গলবার এ নিয়ে দু’দেশের মধ্যে চুক্তি সই হতে চলেছে বলে মার্কিন প্রশাসন সূত্রের খবর। শুক্রবার ওয়াশিংটন জানিয়েছে, পর্যটকদের কথা মাথায় রেখেই দীর্ঘদিনের এই জট কাটানোর চেষ্টা চলছে। ১৯৬০-এ ফিদেল কাস্ত্রো কিউবার ক্ষমতায় আসার পর সে দেশের উপর নানা নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে দু’দেশের সম্পর্কের বরফ গললেও, পর্যটনের বিষয়টি উপেক্ষিতই ছিল।