বাজার দরে রান্নার গ্যাস আজ থেকে, ভর্তুকি সরাসরি ব্যাঙ্কে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দেশের অন্যান্য অঞ্চলের মতো আজ, বুধবার থেকে পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে সব গ্রাহকের জন্য বাজার দরে রান্নার গ্যাস সরবরাহ ব্যবস্থা। অর্থাৎ, কেউই আর ভর্তুকির দামে সিলিন্ডার কিনতে পারবেন না। যে-সব গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নথিভুক্ত হয়েছে, সিলিন্ডার পাওয়ার পরে ভর্তুকির টাকা সরাসরি তাঁদের সেই অ্যাকাউন্টেই চলে যাবে। এত দিন একটি অর্থবর্ষে ১২টি সিলিন্ডার ভর্তুকির দামে মিললেও আজ থেকে সবই বাজার দরেই কিনতে হবে সকলকে। তেল সংস্থা সূত্রের খবর, এ রাজ্যে তিনটি তেল সংস্থা মিলিয়ে রান্নার গ্যাসের গ্রাহক সংখ্যা ৯৫ লক্ষ ৫৪ হাজার। মঙ্গলবার পর্যন্ত প্রায় ৭৯ লক্ষের (৮৩%) ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নথিভুক্ত হয়েছে। ফলে বুধবার থেকে তাঁদের অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা চলে যাবে। বাকি ১৬ লক্ষ গ্রাহক অবশ্য এখনও এই ব্যবস্থার বাইরে। যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এখনও নথিভুক্ত হয়নি, তাঁরা অবশ্য ভর্তুকির টাকা পাওয়ার একটা সুযোগ পাবেন। অ্যাকাউন্টের তথ্য ৩০ জুনের মধ্যে নথিভুক্ত হলে ১ এপ্রিল থেকে সে দিন পর্যন্ত যে ক’টি ভর্তুকির সিলিন্ডার তিনি বেশি দামে কিনবেন, সবক’টির ভর্তুকির টাকা তখন পেয়ে যাবেন। কিন্তু তথ্য যদি ৩০ জুনের পরে নথিভুক্ত হয়, তা হলে ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে কেনা সিলিন্ডারের ভর্তুকির টাকা তিনি আর পাবেন না। এ দিকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম আজ থেকে ৮.৫০ টাকা বেড়ে হল ৬৫৪.৫০ টাকা। এই বাজার দরেই তা কিনতে হবে।
ধর্মঘট স্বর্ণ শিল্পে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মঙ্গলবার রাজ্য জুড়ে এক দিনের ধর্মঘট পালন করেন স্বর্ণ ব্যবসায়ীরা। গয়নার পাশাপাশি কাঁচা সোনার বাজারও বন্ধ ছিল। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে-র দাবি, ‘‘কলকাতার পাশাপাশি জেলাতেও ধর্মঘট হয়েছে। প্রায় ১০ হাজার ব্যবসায়ী ধর্মঘটে সামিল হন।’’ হাওড়ার ডোমজুড়ে অন্তত ৩০টি বড় ও ১৫০টি ছোট দোকান বন্ধ ছিল। ডোমজুড় স্বর্ণশিল্পী ও কারিগর কল্যাণ সমিতির পক্ষে তরুণ ঘোষ বলেন, ‘‘সোনার দামে ঘনঘন ওঠাপড়ায় ব্যবসা মার খাচ্ছে। তার উপর ১ লক্ষ টাকার উপর কেনাকাটায় প্যান কার্ড বাধ্যতামূলক হলে পরিস্থিতি কঠিন হবে।’’ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক কার্তিক অধিকারী জানান, ছোট-মাঝারি ব্যবসায়ীদের অনেকের প্যান কার্ড নেই। তাঁদের সমস্যা হবে।
পরিকাঠামোয় বৃদ্ধি ফেব্রুয়ারিতে ১.৪%
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
দেশের আটটি মূল পরিকাঠামো শিল্পে ফেব্রুয়ারিতে উৎপাদন বাড়ল ঢিমে তালে। পাঁচটি শিল্পেই উৎপাদন সরাসরি কমায় সার্বিক ভাবে পরিকাঠামোয় উৎপাদন বেড়েছে ১.৪%। জানুয়ারিতে তা ছিল ১.৮%। আর ২০১৪-র ফেব্রুয়ারিতে ৬.১%। ২০১৫-র ফেব্রুয়ারিতে কয়লা ক্ষেত্রে উৎপাদন বেড়েছে ১১.৬%, সিমেন্ট ২.৭%, বিদ্যুৎ ৫.২%। তবে তা সরাসরি কমেছে সার, প্রাকৃতিক গ্যাস, তেল শোধন, অশোধিত তেল ও ইস্পাতে। প্রসঙ্গত, সার্বিক শিল্প বৃদ্ধি হিসাবে পরিকাঠামোর গুরুত্ব ৩৮%। যে কারণে রিজার্ভ ব্যাঙ্ক ঋণনীতি পর্যালোচনায় জোর দেয় এই পরিসংখ্যানের উপর।
স্পেকট্রাম খাতে জমা
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
নিলামে জেতা স্পেকট্রাম হাতে পেতে প্রথম পর্যায়ে ১০,৮০৮ কোটি টাকা জমা দিল টেলিকম সংস্থাগুলি। যার মধ্যে রয়েছে টাটা টেলি, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া ও রিলায়্যান্স জিও। জমা করা এই টাকা ২০১৪-’১৫ অর্থবর্ষে কেন্দ্রের রাজকোষ ঘাটতিকে জাতীয় উৎপাদনের ৪.১ শতাংশে বেঁধে রাখতে সাহায্য করবে বলেই মনে করছে তারা। সংস্থাগুলির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
বজাজের নয়া বাইক
বাজারে পালসার বাইকের নয়া সংস্করণ ‘আরএস-২০০’ আনল বজাজ অটো। নয়া বাইকটি ২০০ সিসি-র, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪১ কিমি। রাজ্যে এর দাম শুরু ১,২০,৬৯৬ টাকা থেকে।