পদ ছাড়তে নারাজ বিজয় মাল্য
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
বেআইনি ভাবে নিজের সংস্থা কিংফিশার এবং ইউ বি গোষ্ঠীর অন্যান্য সংস্থায় প্রায় ১৩৩৭ কোটি টাকার তহবিল সরানোর অভিযোগে ইউনাইটেড স্পিরিটস-এর (ইউ এস এল) পরিচালন পর্ষদ থেকে চেয়ারম্যান বিজয় মাল্যকে সরে যেতে বলেছেন সংস্থার বর্তমান কর্ণধার দিয়াজিও কর্তৃপক্ষ। কিন্তু তা সত্ত্বেও সংস্থায় চেয়ারম্যান হিসেবেই ‘স্বাভাবিক’ কাজকর্ম চালিয়ে যাওয়ার ব্যাপারে এককাট্টা মাল্য। তবে তিনি বলেছেন, একজন ডিরেক্টরকে পর্ষদ থেকে সরাতে পারেন শুধু শেয়ারহোল্ডাররা। মাল্য পদ না-ছাড়লে শেয়ারহোল্ডাররা যাতে তাঁকে সরাতে উদ্যোগী হন, সেই আর্জিও জানিয়েছে ইউ এস এল। এ দিকে এই বেআইনি তহবিল সরানোর অভিযোগের বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাজার নিয়ন্ত্রক সেবি।
জিয়োমির শেয়ার কিনলেন রতন টাটা
চিনের স্মার্টফোন সংস্থা জিয়োমির শেয়ার কিনলেন রতন টাটা। জিয়োমিতে এটাই প্রথম কোনও ভারতীয়ের লগ্নি। বর্তমানে টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা এর আগে স্ন্যাপডিল, আর্বান ল্যাডার, ব্লুস্টোন ও কারদেখো ডট কমের মতো ই-কমার্স সংস্থা ও মোবাইলে টাকা মেটানোর সংস্থা পে-টিএমেও এই রকম ব্যক্তিগত লগ্নি করেছেন।
নতুন জোট
নির্মাণ শিল্পে ব্যবহৃত রাসায়নিক তৈরির সংস্থা অ্যাডো অ্যাডিটিভস-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল পোল্যান্ডের সংস্থা সেলেনা। অ্যাডোর প্রধান সঞ্জীব পারিয়ালের দাবি, উৎপাদন ও সংশ্লিষ্ট প্রযুক্তির ক্ষেত্রে এই গাঁটছড়া নতুন মাত্রা আনবে। ৭০টি দেশে ছড়িয়ে থাকা সেলেনা-র হাত ধরে ভারতের বাজারে ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে অ্যাডো। সংস্থার দাবি, সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়িত করতেও এই গাঁটছড়া সাহায্য করবে।
নেপালে ছাড়
ভূমিকম্প বিধ্বস্ত নেপালে ২৮ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত মিনিটে ১২ টাকার পরিবর্তে ১ টাকায় ফোন করার সুবিধা আনল ভোডাফোন। টাটা টেলিসার্ভিসেস জানিয়েছে, ২৬ থেকে ২৮ পর্যন্ত টাটা ডোকোমো থেকে সেখানে ফোন করা যাবে সেকেন্ডে ১ পয়সায়। যে সব ভারতীয়ের পরিবার ও বন্ধুরা নেপালে আটকে পড়েছেন, সঙ্কটকালে তাঁদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা দু’টি।