জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও দেশের বাজারে যাত্রী গাড়ি বিক্রি কমলো। শিল্পমহলের অভিযোগ, হরিয়ানায় জাঠ আন্দোলন ও বাজেট দেখে তবেই ক্রেতাদের গাড়ি কিনতে এগোনোর মানসিকতাই এর জন্য দায়ী। তার উপর বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি পরিকাঠামো সেস বসানোয় গাড়ি দাম বেড়েছে। ফলে মার্চেও বিক্রি ধাক্কা খাবে বলে আশঙ্কা সকলের। যে কারণে চলতি অর্থবর্ষে যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে সংশ্লিষ্ট শিল্পের সংগঠন সিয়াম।
টানা ১৪ মাস যাত্রী গাড়ি বিক্রি বাড়ার পরে তা প্রথম ধাক্কা খায় জানুয়ারিতে। বিক্রি কমে যায় ০.৭২%। বৃহস্পতিবার সিয়াম জানিয়েছে ফেব্রুয়ারিতে বিক্রি কমেছে আরও বেশি, ৪.২১%। যাত্রী গাড়ির মধ্যে সাধারণত তিন ধরনের গাড়ি পড়ে— সাধারণ যাত্রী গাড়ি (প্যাসেঞ্জার কার), বড় ও তুলনায় দামি কেজো গাড়ি (ইউটিলিটি ভেহিকল) এবং ভ্যান। এই তিন শ্রেণির মধ্যে আবার শুধু সাধারণ গাড়ির বাজারই প্রায় ৭০%। কেজো গাড়ির ২০ শতাংশের বেশি।
শিল্পমহলের মতে, যাত্রী গাড়ির ক্রেতাদের বেশির ভাগের কাছেই দাম অতি স্পর্শকাতর বিষয়। ফলে তা কমার আশায় অনেকেই বাজেট পর্যন্ত অপেক্ষা করেন। তাই সাধারণ ভাবে এই সময় বিক্রিতে কিছুটা ভাটা পড়ে। এ বারও তার অন্যথা হয়নি। সিয়ামের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেন এ দিন বলেন, ‘‘বাজেটে দাম কমার আশায় বহু ডিলারই সংস্থাগুলির কাছ থেকে গাড়ি নেননি। অনেক সংস্থাও আবার মজুত ভাণ্ডার খালি করার উপর জোর দিয়েছে।’’
এ সবের সঙ্গে যোগ হয়েছে হরিয়ানার জাঠ আন্দোলনের ঘটনাও। সরাসরি এর কথা উল্লেখ না-করলেও তিনি বলেন, ‘‘উত্তর ভারতের বিক্ষোভ-আন্দোলনের প্রভাব গাড়ি শিল্পে পড়েছে। বিশেষ করে মারুতি-সুজুকির জোগানে ভাটা পড়ে এর ফলে।’’ মারুতি-সুজুকি-র বিক্রি কমেছে ৩.৯৪%, হুন্ডাই-এর ১২.৭%, হোন্ডার ১৫%, টাটা মোটরসের ২০.২১%। তবে কেজো গাড়ি নির্মাতা মহীন্দ্রার বিক্রি বেড়েছে প্রায় ২৭%।
গত কয়েক মাসে বিক্রির হার দেখে আশান্বিত হয়ে ২০১৫-’১৬ সালে যাত্রী গাড়ির বিক্রি বৃদ্ধির হার ১০ শতাংশে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছিল সিয়াম। জানুয়ারি-ফেব্রুয়ারির ব্যবসার হাল দেখে তারা তা সংশোধন করে হার নামিয়েছে ৬-৮ শতাংশে। তবে কিছুটা আশার আলো দু’চাকার গাড়ি ব্যবসায়। স্কুটার বিক্রি গত ক’মাসে বাড়লেও মোটরসাইকেলের বিক্রি ধাক্কা খেয়েছিল। সিয়াম জানাচ্ছে, জানুয়ারিতে মোটরসাইকেলের বিক্রি ০.৪৪% বাড়লেও গত মাসে তা বেড়েছে ১১.০৫%। স্কুটারের বিক্রি জানুয়ারির থেকে বেড়ে হয়েছে ১৭.৭১%।