অষ্টম বেতন কমিশনের সুপারিশে কী হারে বাড়া উচিত মাসমাইনে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছেই এ বার তা জানতে চাইল নরেন্দ্র মোদী সরকার। সেই লক্ষ্যে চালু করা হয়েছে ওয়েবসাইট। সেখানে ঢুকে নিজের মতামত জানাতে পারবেন তাঁরা। পাশাপাশি, বর্ধিত পেনশনের ব্যাপারে পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন অবসরপ্রাপ্তেরাও। চলতি বছরের ১৬ মার্চ পর্যন্ত যা চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্র।
সংশোধিত বেতনকাঠামো সংক্রান্ত কর্মচারীদের মতামত জানতে কেন্দ্র যে প্ল্যাটফর্মটি চালু করেছে তার নাম মাইগভ। সেখানে ঢুকলে মাসমাইনে, পেনশন এবং ভাতাবৃদ্ধি সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন পাবেন তাঁরা। সেগুলির উত্তর দিলে কর্মচারীরা বেতনকাঠামোর কী হারে বদল চাইছেন, তার একটা আন্দাজ পাবে কমিশন, যা তাদের সুপারিশে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
অতীতে সংশোধিত বেতনের ব্যাপারে মতামত জানানোর সুযোগ কর্মচারী সংগঠনগুলিকে দিয়েছিল কেন্দ্র। এ বারও তার অন্যথা হয়নি। তবে ব্যক্তিগত স্তরে মাসমাইনে বৃদ্ধির ব্যাপারে পরামর্শ দেওয়ার অধিকার কর্মচারীদের ছিল না বললেই চলে। আর তাই মোদী সরকারের এই সিদ্ধান্তকে ‘বিরল’ বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
ওয়েবসাইটে ঢুকে প্রশ্নের জবাব দেওয়া ছাড়াও কমিশনকে বর্ধিত বেতনকাঠামোর ব্যাপারে নিজেদের মতামত জানানো যাবে। তার জন্য কেন্দ্রীয় কর্মচারীরা ইমেল বা চিঠি পাঠাতে পারেন। আবার মতামত লিখে পিডিএফ ফাইলের মাধ্যমে তা আপলোড করার সুযোগও রয়েছে। ওয়েবসাইটের প্রশ্ন-উত্তরের জন্য দু’টি ভাষা বেছে নিয়েছে কেন্দ্র। সেগুলি হল, হিন্দি এবং ইংরেজি।
অষ্টম বেতন কমিশন জানিয়েছে, এ ব্যাপারে মতামত দেওয়া প্রত্যেক কর্মচারীর নাম-পরিচয় গোপন রাখবে সরকার। তবে তাঁদের প্রতিটা সুপারিশ বিশ্লেষণ করা হবে। তার পর সমষ্টিগত দিক থেকে কোন পরামর্শটি বেশি কার্যকর, তা বুঝে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা। এ ব্যাপারে আরও তথ্য পেতে কমিশনের অফিশিয়াল পোর্টাল 8cpc.gov.in-এ কর্মচারীদের লগ ইন করতে বলা হয়েছে।
বর্ধিত বেতনের ব্যাপারে কারা কারা মতামত দিতে পারবেন, বিজ্ঞপ্তিতে তা জানিয়ে দিয়েছে মোদী প্রশাসন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছাড়াও এতে নাম আছে কেন্দ্রশাসিত এলাকার কর্মচারী, বিচার বিভাগীয় আধিকারিক ও আদালত কর্মী, নিয়ন্ত্রক সংস্থার সদস্য ও কর্মচারী, অবসরপ্রাপ্তদের সংগঠন, পেনশনভোগী, গবেষক এবং শিক্ষাবিদদের। এ ছাড়া অন্যান্য আগ্রহী ব্যক্তিও সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢুকে পরামর্শ দিতে পারেন।