জ্যোতিষশাস্ত্রে কিছু গ্রহকে যেমন শুভ বলা হয়, তেমনই কিছু গ্রহকে অশুভের তকমাও দেওয়া হয়ে থাকে। অশুভ বলার কারণ তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং প্রভাবের রূঢ়তা। মঙ্গল এবং শনি অশুভ গ্রহদের দলে পড়ে। এরা যে ভাল ফল দেয় না তা নয়, তবে এই দুই গ্রহের খারাপ প্রভাবের ফল হয় মারাত্মক। এপ্রিলের ২ তারিখ মঙ্গল রাশি পরিবর্তন করে মীনে প্রবেশ করবে। মীনে বর্তমানে মঙ্গল অবস্থান করছে। মঙ্গলেরও সেই রাশিতে প্রবেশের ফলে মঙ্গল এবং শনির মধ্যে তৈরি হবে এক বিরল সংযোগ। অশুভ গ্রহের এই দুই সংযোগ অনেকের ক্ষেত্রে ভাল হলেও, কিছু রাশির ক্ষেত্রে খারাপ ফল দান করবে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।
সিংহ: সিংহ জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে অর্থাভাবের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। এই মাসে কাউকে টাকা ধার দিতে যাবেন না। সেই টাকা আর ফেরত না-ও পেতে পারেন। অযথা খরচ যতটা সম্ভব এড়িয়ে চলুন। সিংহ জাতক-জাতিকাদের পেশাগত দিক থেকেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনও সহকর্মী আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। চোখকান খোলা রেখে চলুন। না হলে বিপদে পড়তে পারেন।
কুম্ভ: মঙ্গল এবং শনির সংযোগের ফলে কুম্ভ জাতক-জাতিকাদের অশান্তি বৃদ্ধি পাবে। বহু চেষ্টা করেও কাজে মন দিতে পারবেন না। এর ফলে কর্মক্ষেত্রে ভুল হতে পারে। ধৈর্য ধরে যে কোনও কাজ করার চেষ্টা করুন। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। মাথা গরম করলে কুম্ভ জাতক-জাতিকাদের সমস্যা কমার বদলে বৃদ্ধি পাবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্ক থাকতে হবে। না হলে দুর্ঘটনা ঘটতে পারে।
মীন: মীনেই তৈরি হতে চলেছে মঙ্গল এবং শনির সংযোগ। মীন জাতক-জাতিকারা বর্তমানে সাড়েসাতির কবলে রয়েছেন। এরই সঙ্গে মঙ্গল এই রাশিতে প্রবেশ করায় সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। উন্নতি দোরগোড়ায় এসে আটকে যাবে। আত্মবিশ্বাস ক্ষুণ্ণ হবে। মীন জাতক-জাতিকারা শান্ত মাথায় কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। অশান্তি বৃদ্ধি পাবে। ধৈর্য হারালে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।