E-Paper

বাড়ল বৈদ্যুতিন গাড়ির চাহিদা, তবু দেশের বাজারে কমল টেসলার বিক্রি

ভারতে দীর্ঘদিন ধরে পা রাখতে চাইছিল মাস্কের সংস্থা। আর্জি জানায় আমদানি শুল্ক কমানোর। তবে কেন্দ্র বলে, এ দেশে উৎপাদন করে করের সুবিধা নিক তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ০৮:৫৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতের বিপণি খুলে সেপ্টেম্বর থেকে বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করেছিল ইলন মাস্কের টেসলা। সেই মাসে এ দেশে ৬৪টি গাড়ি বিক্রি করেছিল তারা। কিন্তু দ্বিতীয় মাসেই ধাক্কা খেল চাহিদা। ভরা উৎসবের মাস অক্টোবরে তাদের ৪০টি গাড়ি বিক্রি হয়েছে। গাড়ি শিল্পের তরফে এর ব্যাখ্যা না মিললেও বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মত সংশ্লিষ্ট মহলের। কারণ, গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা-র তথ্য বলছে, গত মাসে দেশে ব্যক্তিগত চার চাকার বৈদ্যুতিক গাড়ি বিক্রি গত বছরের চেয়ে ৫৭.৫% বেড়েছে। অথচ কমেছে টেসলার।

ভারতে দীর্ঘদিন ধরে পা রাখতে চাইছিল মাস্কের সংস্থা। আর্জি জানায় আমদানি শুল্ক কমানোর। তবে কেন্দ্র বলে, এ দেশে উৎপাদন করে করের সুবিধা নিক তারা। শেষ পর্যন্ত ভারতে দু’টি বিপণি খোলে সংস্থাটি। সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু করে। সংস্থা জানায়, প্রথম মাসে ৬০০টির বুকিং হয়েছে। বিক্রি হয়েছে ৬৪টি। এখানে আমদানির যা পরিকাঠামো, তাতে বুক হওয়া গাড়ি ক্রেতার হাতে তুলে দিতে সময় লাগবে। ফলে সংশ্লিষ্ট মহলের মতে, সেই বিষয়টি স্পষ্ট বোঝা না গেলে বিক্রি কমার ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়।

ফাডা জানিয়েছে, অক্টোবরে দেশে বৈদ্যুতিক চার চাকার ব্যক্তিগত গাড়ি বিক্রি হয়েছে ১৮ হাজারের বেশি। তবে জিএসটি কমায় সামগ্রিক ভাবে গাড়ি বিক্রি বিপুল বাড়ায় বৈদ্যুতিকের অংশীদারি কমে হয়েছে ৩.২%। সেপ্টেম্বরে যা ৫.১% ছিল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Electric Vehicle

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy