সারা দেশে আতঙ্কের আবহ তৈরি করা এটিএম কার্ড জালিয়াতি কাণ্ড ধাক্কা দিয়েছে পুরো ব্যাঙ্কিং ব্যবস্থাকে। এই পরিস্থিতিতে সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিল, এ বার বিষয়টির তদন্তে নেমেছে ফরেনসিক অডিটর। তবে একই সঙ্গে সংশ্লিষ্ট সব মহলকে আশ্বস্ত করে তাদের দাবি, এখনও পর্যন্ত যা তথ্য হাতে এসেছে সেই অনুযায়ী, জালিয়াতি হওয়া কার্ডের সংখ্যা ‘নেহাতই কম’।
শীর্ষ ব্যাঙ্কের দাবি, কয়েকটি ব্যাঙ্কের দেওয়া নির্দিষ্ট কিছু এটিএম কার্ডের তথ্য যে সুরক্ষিত থাকছে না, সেই ইঙ্গিত গত ৮ সেপ্টেম্বরেই পেয়েছিল তারা। এ নিয়ে ব্যাঙ্কগুলির উচ্চপদস্থ কর্তা, টাকা মেটানোর ব্যবস্থার নিয়ন্ত্রক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এবং যে-সমস্ত সংস্থার সাহায্যে কার্ড লেনদেন চলে, তাদের নিয়ে বৈঠকও করেছে তারা।
এ দিন শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, ‘‘বিষয়টি পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডের আওতায় বর্তমানে তদন্ত করে দেখছে অনুমোদিত ফরেনসিক অডিটর।’’