আগামী ২৭ এপ্রিল ভারত এবং নিউ জ়িল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে চলেছে বলে বৃহস্পতিবার জানালেন মোদী সরকারের এক আধিকারিক। সংশ্লিষ্ট সব মহলেরই দাবি, ভূ-রাজনৈতিক সমস্যার জেরে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে এই ঘটনা দেশের রফতানি শিল্পের জন্য অত্যন্ত গুরূত্বপূর্ণ। ওই আধিকারিকের দাবি, দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রের সঙ্গে নিউ জ়িল্যান্ড বিজ়নেস ফোরামের বৈঠকের পরে সই হবে ওই চুক্তি। দু’দেশের প্রতিনিধিরা গত ২২ ডিসেম্বর দর কষাকষি শেষ করে চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন।
সরকারি মহলের দাবি, এই মুক্ত বাণিজ্য চুক্তির ফলে নিউ জ়িল্যান্ডের বাজারে ভারতের রফতানি করা পণ্য পুরোপুরি শুল্কমুক্ত হবে। আর সে দেশ থেকে ভারতে ঢোকা প্রায় ৯৫% পণ্যের উপরে ভারত হয় শুল্ক কমাবে কিংবা পুরো ছাড় দেবে। আগামী ১৫ বছরে এই চুক্তির মাধ্যমে নিউ জ়িল্যান্ড থেকে ভারতে প্রায় ২০০০ কোটি ডলার (প্রায় ১,৮৬,২৮০ কোটি টাকা) লগ্নি আসবে। পাঁচ বছরের মধ্যে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ৫০০ কোটি ডলারে (প্রায় ৪৬,৫৭০ কোটি টাকা) নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে বলে দাবি।
এই চুক্তির হাত ধরে বস্ত্র, চামড়া, জুতো, ওষুধ-সহ বিভিন্ন পণ্য এবং তথ্যপ্রযুক্তি-সহ বিভিন্ন পরিষেবা রফতানিতে ভারত নিউ জ়িল্যান্ডের বাজারে বিশেষ সুবিধা পাবে। নিউজ়িল্যান্ড সুবিধা পাবে পশম, কয়লা, কাঠ, ওয়াইন এবং আপেল-সহ বিভিন্ন ফলের ক্ষেত্রে। ভারত দুগ্ধজাত পণ্য (দুধ, ঘি, দই, পনির), চিনি, ভোজ্য তেল এবং মশলার মতো পণ্যে কোনও শুল্ক ছাড় দেয়নি। কৃষক এবং দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা করতেই চুক্তিতে এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষা, পর্যটন এবং ডিজিটাল বাণিজ্যেও সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। নিউ জ়িল্যান্ড প্রতি বছর ৫০০০ দক্ষ ভারতীয় পেশাদারকে তিন বছরের জন্য কাজের ভিসা দেবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)