Advertisement
E-Paper

উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির জন্য দিতে হয় কত টাকা কর? কী বলছে এ দেশের আয়কর আইন?

উত্তরাধিকার সূত্রে অনেকেই বাড়ি বা ফ্ল্যাট, নগদ অর্থ, অলঙ্কার এবং ব্যাঙ্ক, ডাকঘর, মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের লগ্নির নথি পেয়ে থাকেন। এর জন্য আয়কর বাবদ তাঁকে দিতে হবে কত টাকা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৯

উত্তরাধিকার সূত্রে এ দেশের অনেকেই পেয়ে যান বিপুল সম্পত্তি। এর মধ্যে থাকতে পারে বাড়ি বা ফ্ল্যাট, নগদ অর্থ, অলঙ্কার এবং ব্যাঙ্ক, ডাকঘর, মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের লগ্নি। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সমস্ত সম্পত্তির জন্য আয়কর বাবদ দিতে হয় কত টাকা? সংশ্লিষ্ট বিষয়-আশয় কি রিটার্ন ফাইলে দেখানো বাধ্যতামূলক? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

ভারতের আইন অনুযায়ী, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে নেই কোনও আয়কর। তবে যিনি সম্পত্তি পাচ্ছেন তাঁকে কতগুলি নিয়ম মানতে হবে। এর মধ্যে প্রথমেই রয়েছে মৃত আত্মীয়র রিটার্ন ফাইল দাখিল। কারণ, মৃত্যুর তারিখ পর্যন্ত তিনি যা যা আয় করেছেন, তার পুরোটাই করযোগ্য। এই বিবরণই রিটার্ন ফাইলে উত্তরাধিকারীকে তুলে ধরতে বলেছে সরকার।

তা ছাড়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পুরোপুরি হাতে নেওয়ার আগে মৃত আত্মীয়র বকেয়া কর পরিশোধ করার নিয়ম রয়েছে। তাঁর নামে দাখিল করা রিটার্ন ফাইলে অবশ্যই বেতন, ভাড়া বাবদ আয় এবং লগ্নি থেকে প্রাপ্ত মূলধনী লাভের কথা উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট সম্পত্তি হাতে চলে আসার পর ওই ব্যক্তিকে কোনও কর দিতে হবে না।

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে অনেকে পরবর্তীকালে আয় করতে শুরু করেন। উদাহরণ হিসাবে বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ, শেয়ারের লভ্যাংশ বা স্থায়ী আমানত থেকে প্রাপ্ত সুদের কথা বলা যেতে পারে। ওই আয় কিন্তু করের আওতার বাইরে নয়। আর তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে আয়ের কথা সংশ্লিষ্ট ব্যক্তিকে রিটার্ন ফাইলে উল্লেখ করতে হয়। এই আয় গোপন করলে জেল বা জরিমানা পর্যন্ত হতে পারে।

কোনও ব্যক্তি তাঁর মা-বাবা বা অন্য কোনও আত্মীয়ের থেকে প্রাপ্ত সম্পত্তি বিক্রিও করতে পারেন। সে ক্ষেত্রে মূলধনী লাভের উপর আয়কর দিতে হবে তাঁকে। সম্পত্তি হাতে পাওয়ার ২৪ মাস বা তারও পরে যদি সেটা বিক্রি করা হয়, তবে দীর্ঘমেয়াদি মূলধনী লাভের উপর ভিত্তি করে ঠিক হবে আয়কর। তবে তার আগে সম্পত্তি বিক্রি করলে স্বল্পমেয়াদি মূলধনী লাভের করের নিয়ম প্রযোজ্য হবে।

তবে মৃত মা-বাবা বা আত্মীয়ের কোনও ঋণ বা বকেয়া থাকলে সেটা উত্তরাধিকারীকেই মেটাতে হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ঋণ পরিশোধ না হলে অবাধে সম্পত্তি হন্তান্তর নাও হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট উত্তরাধিকারী আইনি বিবাদে জড়াতে পারেন। এ ছাড়া উত্তরাধিকারীদের অবশ্যই সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লগ্নির ক্ষেত্রে মালিকানার রেকর্ড আপডেট করতে হবে।

Income Tax IT Return Income Tax Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy