E-Paper

ইরান যুদ্ধের আবহে চতুর্থ বার! ফের তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিল ওপেক

এই সংঘাতে হরমুজ় প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। যা ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সঙ্কট তৈরি করেছে। যুদ্ধের কারণে এক দিক থেকে পশ্চিম এশিয়া থেকে তেল সরবরাহ ধাক্কা খেয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ০৭:৫৫

— প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে আরও এক বার অশোধিত তেলের উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিল জ্বালানি রফতানিকারী দেশগুলির বৃহত্তর সংগঠন ওপেক প্লাস। রবিবার তাদের সদস্য দেশগুলির মন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই দফায় তা বাড়ানো হবে দৈনিক ১.৮৮ লক্ষ ব্যারেল করে। এ নিয়ে ইরান-আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধ শুরুর পরে চার বার উত্তোলন বাড়াচ্ছে তারা।

এই সংঘাতে হরমুজ় প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। যা ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সঙ্কট তৈরি করেছে। যুদ্ধের কারণে এক দিক থেকে পশ্চিম এশিয়া থেকে তেল সরবরাহ ধাক্কা খেয়েছে। অন্য দিকে, ওপেক থেকে সংযুক্ত আরব আমিরশাহির সরে যাওয়া তেলের বাজারে তাদের নিয়ন্ত্রণ দুর্বল করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই অবস্থায় তেলের উত্তোলন বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে চাইছে ওপেক।

তবে বাজার বিশ্লেষকদের একাংশ বলছেন, উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্ত মূলত কৌশলগত ও প্রতীকী। হরমুজ় বন্ধ থাকায় অশোধিত তেলের জোগান কমেছে। ফেব্রুয়ারিতে ওপেক প্লাসের দেশগুলি দিনে ৪.২৮ কোটি ব্যারেল তেল রফতানি করত। এপ্রিলে নেমেছে ৩.৩২ কোটিতে। যা বিশ্ব বাজারে তার দামকে দ্বিগুণ বাড়িয়েছে। এতে বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির চোখরাঙানি দেখা যাচ্ছে। ফলে প্রণালী পুরো চালু না হওয়া পর্যন্ত উত্তোলন বাড়লেও, তেলের জোগান ততটা বাড়বে না। ফলে সে ভাবে মাথা নামাবে না দামও।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Crude Oil OPEC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy