E-Paper

গ্যাস নিয়ে নাজেহাল আমজনতা, ডিলারদের চা বিক্রি বাড়ানোর পরামর্শ তেল সংস্থার!

সোমবার ইন্ডিয়ান অয়েল (ইন্ডেন গ্যাস) কর্তৃপক্ষের সঙ্গে দক্ষিণ কলকাতার একটি এলাকার গ‍্যাস ডিলারদের মাসিক বৈঠক ছিল। যা এলাকাভিত্তিক নিয়মিত হয়ে থাকে। সেখানে সংশ্লিষ্ট সকলের পাশাপাশি, উপস্থিত ছিলেন মকাইবাড়ি চা-এর আধিকারিকেরাও।

অঙ্কুর সেনগুপ্ত

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৯:০০

— প্রতীকী চিত্র।

রান্নার গ্যাসের (এলপিজি) জোগান-সঙ্কট ঘুম কেড়েছে গোটা দেশের। ইরান-আমেরিকার সংঘাত না থামলে পরিস্থিতি কী দাঁড়াবে, তাই নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। সূত্রের খবর, এই আবহে সোমবার এলপিজি বিক্রেতাদের (ডিলার) সঙ্গে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার মধ্যে বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে চা বিক্রি বাড়ানোর বিষয়টি। যা বিস্ময়কর বলে দাবি করেছে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। উঠেছে প্রশ্নও। রান্নার গ‍্যাসের এই আকালে ডিলারদের আরও বেশি পরিমাণে চা বিক্রি করার আর্জি জানানো হয়েছে আলাদা ভাবে। এ নিয়ে বেশ কিছু বিক্রেতা ক্ষোভও প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বহু মানুষ যখন সময়ে রান্নার গ‍্যাস পাচ্ছেন না, তখন তাঁদের চা কিনতে বললে রোষের মুখে পড়তে হবে।

সোমবার ইন্ডিয়ান অয়েল (ইন্ডেন গ্যাস) কর্তৃপক্ষের সঙ্গে দক্ষিণ কলকাতার একটি এলাকার গ‍্যাস ডিলারদের মাসিক বৈঠক ছিল। যা এলাকাভিত্তিক নিয়মিত হয়ে থাকে। সেখানে সংশ্লিষ্ট সকলের পাশাপাশি, উপস্থিত ছিলেন মকাইবাড়ি চা-এর আধিকারিকেরাও। উল্লেখ্য, ইন্ডিয়ান অয়েলের সঙ্গে মকাইবাড়ি কর্তৃপক্ষের চা বিক্রির চুক্তি হয়েছে। সেই অনুযায়ী, ইন্ডেন এলপিজি ডিলারদের তাঁদের গ্রাহকদের কাছে মকাইবাড়ি চা বেচতে হবে। তবে সূত্রের খবর, গত নভেম্বর থেকে ওই চুক্তি হলেও এর মধ্যে কোনও বৈঠকে মকাইবাড়ি কর্তৃপক্ষ যোগ দেননি। এ দিনই প্রথম উপস্থিত ছিলেন তাঁরা। জানা গিয়েছে, সেখানে গ্যাস ডিলারদের জানানো হয় ১০০ গ্রাম, ২০০ গ্রাম, ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম, এক কেজির মতো ওজনের চা তাঁরা বিক্রি করতে পারেন। ডিলাররা যেন গ্রাহকদের ফোন করে কিংবা সিলিন্ডার বণ্টনকারী ব‍্যক্তির মাধ‍্যমে তা বিক্রি করেন। বৈঠকে ডিলারদের চা বিক্রির আর্জি জানান ইন্ডেন কর্তারাও, দাবি এ দিন উপস্থিত এক ডিলারের।

সূত্র অবশ্য জানাচ্ছে, বৈঠকে ছিলেন আরও কিছু বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। সেখানে হাজির এক ইন্ডেন গ্যাস বিক্রেতা বলেন, ‘‘এই ধরনের চুক্তি নতুন নয়। আইটিসি, ডাবর, বজাজের মতো সংস্থার সঙ্গেও তা ছিল বা আছে। তাদের বিভিন্ন পণ্য আগেও বিক্রি করতে বলা হয়েছে। কিন্তু বর্তমান সঙ্কটের সময় আমাদের চা কিংবা অন‍্য জিনিসের বিক্রি বাড়াতে বলা অবাস্তব চিন্তা। এটা ইন্ডিয়ান অয়েলের ভাবা উচিত ছিল। আগে মানুষকে পর্যাপ্ত সিলিন্ডার দিয়ে তারপর এ সব বিক্রি করার সিদ্ধান্ত সাজে।’’ একাধিক গ্যাস বিক্রেতা জানান, এখনকার পরিস্থিতিতে তাঁরা এই পণ‍্য তুলবেন না। বিক্রিও করবেন না। তবে শুধু ইন্ডিয়ান অয়েল নয় এইচপি গ‍্যাস ডিলাররাও প‍্যাকেটজাত চা, পানীয় জল ইত্যাদি বিক্রি করে থাকেন। ভারত গ‍্যাসের ক্ষেত্রে তেল-মশলার মতো সংস্থার সঙ্গে চুক্তি থাকায়, সেগুলি ডিলারদের বিক্রি করতে হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

tea stall LPG Crisis Tea shop

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy