E-Paper

অনিশ্চয়তার মেঘ কাটলেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার, দাবি সেবি প্রধানের

সোমবার বাজার নিয়ন্ত্রকটির কর্ণধার তুহিনকান্ত পাণ্ডের দাবি, অনিশ্চয়তা কেটে গেলে শেয়ার সূচক আবার স্বাভাবিক গতি ফিরে পাবে। তাই এই অস্থির সময়ে লগ্নিকারীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আজ বিপুল অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে শেয়ার বাজারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৮:৫৬

— প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার সঙ্কটে বিশ্বব্যাপী জোগানশৃঙ্খল চোট খেলেও, ভারতের শেয়ার বাজার সব রকম আর্থিক ধাক্কা সামলাতে তৈরি বলে বার্তা দিল সেবি। সোমবার বাজার নিয়ন্ত্রকটির কর্ণধার তুহিনকান্ত পাণ্ডের দাবি, অনিশ্চয়তা কেটে গেলে শেয়ার সূচক আবার স্বাভাবিক গতি ফিরে পাবে। তাই এই অস্থির সময়ে লগ্নিকারীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আজ বিপুল অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে শেয়ার বাজারে। এক সময়ে সেনসেক্স ১১৩৪.৭৮ পয়েন্ট পড়ে ৭৪,১৮০.২৬-এ নেমেছিল। শেষে থামে ৭৫,৩১৫.০৪ অঙ্কে। উত্থান ৭৭.০৫। নিফ্‌টি ৬.৪৫ পয়েন্ট বেড়ে ২৩,৬৪৯.৯৫-এ দাঁড়িয়েছে।

লগ্নিকারীদের সচেতনতা বৃদ্ধি নিয়ে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে আজ পাণ্ডে বলেন, ‘‘বিশ্বের এক প্রান্তে সমস্যা দেখা দিলে, তার প্রভাব বাকি অংশে পড়বেই। সব বাজারগুলি একে-অপরের সঙ্গে যুক্ত থাকায় উত্থান-পতন স্বাভাবিক। মূল্যবৃদ্ধির ঝুঁকিও থাকে। তবে, দেশের বাজারের ভিত পোক্ত। যে কোনও আর্থিক ধাক্কা সামলাতে সক্ষম। অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির প্রভাব কাটিয়ে ওঠার পরে স্বাভাবিক গতি ফিরবে।’’ তবে তিনি মেনেছেন ২০২৪-এর সেপ্টেম্বর থেকে বিদেশি লগ্নি সংস্থাগুলির এখানে শেয়ার বেচে পুঁজি তোলা বেড়েছে।

এ দিকে বেআইনি ভাবে বিভিন্ন অ্যাপ এবং সাইটে দেওয়া আর্থিক পরামর্শ নিয়ে সতর্ক করেছেন সেবি কর্ণধার। তিনি জানান, এই পরামর্শ দিতে সেবি-র কাছে নথিভুক্তি জরুরি। লগ্নিকারীদের সচেতন করতে ‘জাগরুক’ নামে প্রকল্পও চালু করেছেন তাঁরা। পাশাপাশি, পাণ্ডের সতর্কবার্তা, ‘‘এক্সচেঞ্জগুলি সফটওয়্যার-নির্ভর। সাইবার নিরাপত্তা বিঘ্নিত হলে ঝুঁকি তৈরি হতে পারে। তাই সুরক্ষা ব্যবস্থা জোরদার হওয়া জরুরি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sebi Share Market Stock Market

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy