Advertisement
E-Paper

ইসলামীয় ব্যাঙ্ক খুলতে কথা চালাবে আরবিআই

সকলের জন্য ব্যাঙ্কিং পরিষেবা। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এটাই তাদের ঘোষিত লক্ষ্য। অথচ দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী ১৮ কোটি মুসলিমের সামনে এখনও বন্ধ সুদহীন ইসলামীয় ব্যাঙ্কিংয়ের দরজা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৪

সকলের জন্য ব্যাঙ্কিং পরিষেবা। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এটাই তাদের ঘোষিত লক্ষ্য। অথচ দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী ১৮ কোটি মুসলিমের সামনে এখনও বন্ধ সুদহীন ইসলামীয় ব্যাঙ্কিংয়ের দরজা। যার জেরে প্রচলিত ব্যাঙ্কিং ব্যবস্থাকে ধর্মীয় কারণে যাঁরা পছন্দ করেন না, সেই সব মুসলিম এখনও থেকে যাচ্ছেন পরিষেবার আওতার বাইরে। ইসলামীয় ব্যাঙ্কিং ব্যবস্থার সেই সুযোগ খুলে দিতে এই প্রথম কেন্দ্রের সঙ্গে কথাবার্তা শুরুর প্রস্তাব দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। গত সপ্তাহে প্রকাশিত বার্ষিক রিপোর্টেই তা উল্লেখ করেছে তারা, যে রিপোর্টে পথনির্দেশ দিয়ে গিয়েছেন সদ্য প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।

রাজনের উত্তরসূরি নতুন আরবিআই গভর্নর উর্জিত পটেলেরই সে ক্ষেত্রে ইসলামীয় ব্যাঙ্কিং চালুর ব্যাপারে বড় ভূমিকা থাকবে বলে মনে করছে ব্যাঙ্কিং শিল্পমহল। রবিবার থেকেই শীর্ষ ব্যাঙ্কের ২৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন পটেল। ২০১৩ থেকে ডেপুটি গভর্নর পদে থাকা পটেল সে ক্ষেত্রে আরবিআইয়ের নীতিতে বড়সড় বদলের সূচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত। তার কারণ, এর আগে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছিল, তারা সরাসরি ইসলামীয় ব্যাঙ্কিংয়ের পক্ষে নয়। বরং ব্যাঙ্ক ছাড়া অন্যান্য আর্থিক সংস্থার মাধ্যমে ঘুরপথে এই ধরনের পরিষেবা দেওয়ার দিকে হাঁটতে চেয়েছিল তারা। মুসলিমদের কাছে এই ধরনের সুদহীন লেনদেনের সুযোগ পৌঁছে দিতে চেয়েছিল ইনভেস্টমেন্ট ফান্ড বা সমবায়ের মাধ্যমে। কারণ সুদের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে এ দেশের ব্যাঙ্কিং আইন। অথচ ইসলাম ধর্মে সুদ দেওয়া-নেওয়া নিষিদ্ধ। কিন্তু এ বার মত বদলে সরাসরি ইসলামীয় ব্যাঙ্কিংয়ের প্রস্তাবই দেওয়া হয়েছে বার্ষিক রিপোর্টে।

আরবিআই জানিয়েছে, সুদ এড়িয়ে কোন কোন পরিষেবা দেওয়া যায়, তা নিয়েই সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা। এ ক্ষেত্রে অন্য পথে হাঁটতে গেলে সংসদে পাশ করাতে হবে নতুন আইন, যা কেন্দ্রের সাহায্য ছাড়া অসম্ভব।

২০১৫ সালেও এ ব্যাপারে শীর্ষ ব্যাঙ্ক একটি কমিটি গড়েছিল, যারা সুদহীন ব্যাঙ্কিং চালুর জন্য কিছু প্রস্তাব দেয়। কিন্তু আমলাতন্ত্রের ও রাজনৈতিক বাধায় তা এগোয়নি। কাজেই সব বাধা কাটিয়ে ব্যাঙ্কিং পরিষেবার আওতা বাড়ানোর এই চ্যালেঞ্জ এ বার বর্তাবে পটেলের উপরই।

RBI Islamic finance
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy