E-Paper

চার দিন পর উঠল শেয়ার বাজার, বেশ খানিকটা বাড়ল টাকার দামও

সপ্তাহের শুরু থেকে টাকা ও শেয়ার সূচকের পতন চিন্তা বাড়াচ্ছিল লগ্নিকারী, সরকার ও রিজ়ার্ভ ব্যাঙ্কের। সূত্রের খবর, ৯১ টাকার সীমা ছাড়ানো ডলারকে টেনে নামাতে হস্তক্ষেপ করেছে শীর্ষ ব্যাঙ্ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৮:২৬

— প্রতীকী চিত্র।

এক দিকে টানা চার দিন পতনের জের কাটিয়ে উঠল শেয়ার বাজার। অন্য দিকে ডলারের সাপেক্ষে শক্তি ফিরে পেল টাকা। শুক্রবার এই দুই ঘটনাই কিছুটা স্বস্তি জোগাল লগ্নিকারীদের মনে। যার হাত ধরে আজ সেনসেক্স বাড়ল ৪৪৭.৫৫ পয়েন্ট। থামল ৮৪,৯২৯.৩৬ অঙ্কে। নিফ্‌টি ১৫০.৮৫ পয়েন্ট উঠে হল ২৫,৯৬৬.৪০। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির ভারতে ফেরা-সহ নানা কারণে ৫৩ পয়সা পড়েছে ডলারের দরও। এর জেরে ফের ৯০ টাকার নীচে নেমে এসেছে আমেরিকার মুদ্রাটি। দাঁড়িয়েছে ৮৯.৬৭ টাকায়।

সপ্তাহের শুরু থেকে টাকা ও শেয়ার সূচকের পতন চিন্তা বাড়াচ্ছিল লগ্নিকারী, সরকার ও রিজ়ার্ভ ব্যাঙ্কের। সূত্রের খবর, ৯১ টাকার সীমা ছাড়ানো ডলারকে টেনে নামাতে হস্তক্ষেপ করেছে শীর্ষ ব্যাঙ্ক। তার উপরে অশোধিত তেলের দাম ব্যারেলে ৬০ডলারের নীচে নামা ও আজ বাজারের উত্থান টেনে তুলেছে টাকাকে। উল্লেখ্য, মঙ্গলবার ৯১ টাকা ছুঁয়ে নজির গড়ে ডলার। তার পর থেকে আমেরিকার মুদ্রাটির সাপেক্ষে টাকার দাম বাড়ছে। গতকাল ডলার ১৮ পয়সা পড়েছিল।

এ দিকে, আমেরিকায় নভেম্বরে মূল্যবৃদ্ধির হার কম হওয়া সেখানে সুদ মাথা নামানোর সম্ভাবনাকে জোরদার করেছে। ফলে ভারতে পুঁজি ঢেলেছেন লগ্নিকারীরা। বিশেষজ্ঞদের মতে, বাজার তথা অর্থনীতির প্রতি লগ্নিকারীদের আস্থা বহাল। তাতে ইন্ধন জুগিয়েছে বিশ্ব বাজারের উত্থান। এর সঙ্গেই পড়তি দামে ভাল শেয়ার কেনার আগ্রহও টানা চার দিন পড়ার পরে সূচকে ঠেলে তুলেছে। তবে আগামী দিনে বাজার ও টাকার গতি স্থির করবে ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি ও বিশ্ব বাজারের হাল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Share Market Stock Market BSE SENSEX

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy