Advertisement
E-Paper

রোজের খাবারে সেলেনিয়াম রাখলে নিয়ন্ত্রণে থাকবে থাইরয়েড! কী কী খেতে পারেন, কতটাই বা খাবেন?

থাইরয়েডের সমস্যা থাকলে ডায়েটে সেলেনিয়ামযুক্ত খাবার রাখা ভীষণ জরুরি। থাইরয়েড গ্রন্থিতে পর্যাপ্ত মাত্রায় সেলেনিয়াম থাকে, যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। কী কী রাখতে পারেন ডায়েটে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৯:২৩
কোন কোন খাবার থেকে সেলেনিয়াম পেতে পারেন?

কোন কোন খাবার থেকে সেলেনিয়াম পেতে পারেন? ছবি: সংগৃহীত।

থাইরয়েডের সমস্যা এখন ঘরে ঘরে। এই অসুখের সঙ্গে পরিচিত কমবেশি সকলেই। থাইরয়েড একটি গ্রন্থি, যা থেকে নিঃসৃত হরমোন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। যেমন, বিপাকক্রিয়া, শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, বুদ্ধির বিকাশ, বয়ঃসন্ধির লক্ষণ, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র, সন্তানধারণ। কোনও কারণে এই হরমোন বেড়ে গেলে বা কমে গেলে থাইরয়েডের সমস্যা হয়। ক্লান্তি, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, ওজন বেড়ে বা কমে যাওয়া, অনিয়মিত ঋতুস্রাব এমন অনেক লক্ষণ দেখা দিতে পারে। এই অসুখের কোনও বয়স থাকে না। এক বার যদি হরমোনের ভারসাম্য বিগড়ে যায়, ওষুধ তো বটেই, জীবনযাপনেও বদল দরকার হয়। থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে ডায়েটে বিশেষ নজর দিতে হবে।

থাইরয়েডের সমস্যা থাকলে ডায়েটে সেলেনিয়ামযুক্ত খাবার রাখা ভীষণ জরুরি। থাইরয়েড গ্রন্থিতে পর্যাপ্ত মাত্রায় সেলেনিয়াম থাকে, যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই থাইরয়েড আক্রান্ত হলে ডায়েটে সেলেনিয়াম-সমৃদ্ধ খাবার রাখা ভীষণ জরুরি। এটি টি-ফোর হরমোন থেকে অ্যাকটিভ টি-থ্রি হরমোনে রূপান্তরে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। থাইরয়েড গ্রন্থিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতেও সাহায্য করে সেলেনিয়াম।

কোন কোন খাবার থেকে সেলেনিয়াম পেতে পারেন?

১) বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়িতে সেলেনিয়াম থাকে।

২) রোজের ডায়েটে ডিম রাখলেও সেলেনিয়াম পেতে পারেন।

৩) দানাশস্য বা কমপ্লেক্স কার্বোহাইড্রেটও সেলেনিয়ামের ভাল উৎস।

৪) রসুন, সূর্যমুখীর বীজ, দানাশস্য যেমন কিনোয়া, ডালিয়া, ওট্‌স এবং ব্রাজ়িলনাটে ভাল পরিমাণে সেলেনিয়াম থাকে।

কতটা খাওয়া জরুরি?

সুস্থ ও প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের দৈনিক ৫৫ মাইক্রোগ্রাম সেলেনিয়াম হলেই যথেষ্ট। তবে অন্তঃসত্ত্বা ও যে মায়েরা স্তন্যপান করাচ্ছেন, তাঁদের দৈনিক সেলেনিয়ামের চাহিদা একটু বেশিই হবে। সেলেনিয়াম-সমৃদ্ধ খাবার কতটা খাবেন তা শারীরিক অবস্থা বুঝেই ঠিক করতে হবে। সে জন্য চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি। স্বাস্থ্যকর মানেই অতিরিক্ত খেয়ে নিলে কিন্তু সমস্যা বাড়তে পারে।


Healthy Diet Healthy Tips Thyroid Tips Thyroid Diet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy