Advertisement
E-Paper

তেল ৮৫ ডলারের নীচে, তেজি টাকাও, যুদ্ধ ‘শেষ’ হতেই লম্বা লাফ দিল সেনসেক্স, নিফটি! বাজার খুলতেই ফিরল আট লক্ষ কোটির সম্পদ

ইরানের সঙ্গে আমেরিকার চুক্তির ঘোষণা হওয়ার পর খুলছে হরমুজ় প্রণালী। সেই সঙ্গে ওই জলপথ থেকে মার্কিন অবরোধও তুলে নেওয়া হয়েছে। জ্বালানি পরিবহণ শুরু হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১১:১৫

ছবি: সংগৃহীত।

শান্তিচুক্তিতে স্থিতি ফিরল শেয়ারবাজারে। ইরান-আমেরিকার মধ্যে সমঝোতা ঘোষণা হওয়ার পরই বিশ্ববাজারে দাম কমেছে অপরিশোধিত তেলের। আর তাতেই লক্ষ্মীলাভ করতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। সপ্তাহের প্রথম দিনেই শেয়ারের সূচক উর্ধ্বগামী। ডলারের নিরিখে দাম বেড়েছে টাকার। প্রতি ডলার ৬০ পয়সা নেমে হয়েছে ৯৪.৫৮ টাকা। বাজার খোলার পর বম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স ১,১০৩.১৮ পয়েন্ট বেড়ে ৭৬,৬৩১.১৩ পয়েন্টে এবং নিফটি ৩২৯.৬৫ পয়েন্ট ২৩,৯৫২.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শতাংশের হিসাবে তা ১.৪। সব মিলিয়ে কয়েক ঘণ্টাতেই সূচকের উত্থানের হাত ধরে বিএসই-র লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ৮.২৫ লক্ষ কোটি টাকা।

ইরানের সঙ্গে আমেরিকার চুক্তির ঘোষণা হওয়ার পর খুলেছে হরমুজ় প্রণালী। সেই সঙ্গে ওই জলপথ থেকে মার্কিন অবরোধও তুলে নেওয়া হয়েছে। জ্বালানি পরিবহণ শুরু হয়েছে। তেলের বাজার সূত্রে খবর, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪.১ শতাংশ কমে ব্যারেল প্রতি প্রায় ৮৩ ডলারে নেমে এসেছে, মার্চের পর যা সর্বনিম্ন। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৪.০১ ডলার বা ৪.৭২ শতাংশ কমে ৮০.৮৭ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারতের জন্য তেলের দামে এই পতন শেয়ারবাজারকে চাঙ্গা করেছে। মুদ্রাস্ফীতি, চলতি হিসাবের ঘাটতি এবং টাকার দরে পরিবর্তন এনেছে এই চুক্তি। কিছুটা স্বস্তিতে লগ্নিকারীরা। পাশাপাশি, টাকার দাম বৃদ্ধিও স্বস্তি দিয়েছে তাঁদের।

বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ও তেলের দাম নিয়ন্ত্রণে থাকলে আগামী সপ্তাহে সূচক উঠতে পারে। গত শুক্রবারও বাজারে ছিল তেজি হাওয়া। ইরান-আমেরিকা সমঝোতা হতে পারে, এমন পূর্বাভাস পেয়ে এবং তেলের দর ৯০ ডলারের নীচে নামতেই সেনসেক্স ও নিফটিতে রকেট-উত্থান দেখা গিয়েছিল। ১৬৯৫.৪০ পয়েন্ট উঠেছিল সেনসেক্স। নিফ্‌টি ৪৬১.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ২৩,৬২২.৯০ পয়েন্টে। আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ায় পশ্চিম এশিয়ার উত্তেজনা কমার পথে। তাই বাজার ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা। ফার্মা ও স্বাস্থ্যসেবা খাত ছাড়া বাকি সব খাতের সূচকই ঊর্ধ্বমুখী। এর মধ্যে অটো ও রিয়েলটি খাত ২-৩% বেড়েছে। নিফটিতে শ্রীরাম ফিনান্স, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, বাজাজ ফিনসার্ভ, ট্রেন্ট, ইটার্নালের মতো সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি। অন্য দিকে অ্যাপোলো হসপিটালস, সিপলা, এনটিপিসি, ওএনজিসি, হিন্দালকোর স্টকের দর লোকসানের দিকেই ঝুঁকে রয়েছে।

Sensex Stock Oil Price
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy