রিলায়্যান্স জিও-কে যথেষ্ট সংখ্যক পয়েন্টস অব ইন্টারকানেকশন (সংযোগ পরিকাঠামো) না দেওয়ার অভিযোগে টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের কোপে পড়ল তিন টেলি সংস্থা— ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া।
শুক্রবার টেলিকম দফতরকে চিঠি পাঠিয়ে ট্রাই সংস্থাগুলির উপর মোট ৩,০৫০ কোটি টাকা জরিমানা চাপানোর সুপারিশ করেছে। তাদের অভিযোগ, জিও-কে সংযোগ না-দিয়ে লাইলেন্স বিধি ভেঙেছে তারা। লঙ্ঘন করেছে উন্নত পরিষেবা দেওয়ার শর্তও। যা শুধু প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে না, সাধারণ মানুষের স্বার্থেরও পরিপন্থী। কারণ, এতে জিও-র মোবাইলে সংযোগ পেতে সমস্যায় পড়ছেন গ্রাহকরা।
সংশ্লিষ্ট সূত্রে খবর, চিঠিতে ট্রাইয়ের বক্তব্য, কেউ লাইসেন্স বিধি ভাঙলে তা খারিজ করাই উচিত। তবে তা আমজনতার অসুবিধা সৃষ্টি করবে বলে জরিমানার সুপারিশ করা হল। এ ব্যাপারে ভোডাফোন ও আইডিয়া কোনও মন্তব্য করতে চায়নি। এয়ারটেলের মুখপাত্র বলেন, ‘‘জিও-কে ইন্টারকানেকশন দেওয়ার সংখ্যা টানা বাড়িয়ে চলেছি। পরিষেবা দেওয়ার মানেও ট্রাইয়ের বিধি মেনে চলছি।’’