তাজ হোটেল গোষ্ঠীর ইন্ডিয়ান হোটেলস কোম্পানির (আইএইচসিএল) সঙ্গে গাঁটছড়া বাঁধল অম্বুজা নেওটিয়া শিল্প গোষ্ঠী। যৌথ উদ্যোগে রাজ্যে নতুন হোটেল খুলল তারা। লগ্নির অঙ্ক ৩৫০ কোটি টাকা। প্রত্যক্ষ এবং পরোক্ষ মিলিয়ে মোট ৫৫০ জনের কর্মসংস্থান হবে বলে দাবি। নেওয়াটিয়াদের তৈরি হোটেলটি পরিচালনার দায়িত্ব বইবে তাজ হোটেল গোষ্ঠী। আইএইচসিএলের এমডি-সিইও পুনিত ছাতওয়াল জানান, পশ্চিমবঙ্গে নেওটিয়াদের সঙ্গে যৌথ উদ্যোগে আরও হোটেল গড়ার পরিকল্পনা রয়েছে। রায়চকের নতুন হোটেলটি ছাড়াই এই জোট ইতিমধ্যেই চালু করেছে আরও পাঁচটি।
অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়ার দাবি, রায়চকে ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’ নামের ওই হোটেলটি গড়তে ইতিমধ্যেই তাঁরা ৩০০ কোটি টাকা ঢেলেছেন। আরও ৫০ কোটি লগ্নি করা হবে। ইতিমধ্যেই ৩৪০ জন কর্মী নিয়োগ করা হয়েছে। পরোক্ষ ভাবে কাজ পাবেন আরও ২০০ জন। রাজ্যে সুন্দরবন, দার্জিলিং, দিঘা এবং লাটাগুড়িতে আরও চারটি হোটেল খোলার কাজ চলছে। তাজ গোষ্ঠীর হোটেল ব্যবসার ব্যাপারে বলতে গিয়ে ছাতওয়াল জানান, ২০৩০-এর মধ্যে পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে নতুন ৫০টি হোটেল চালু করতে চান তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)