Advertisement
E-Paper

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, রক্তাক্ত এশীয় দুই বাজারে, কোন অঙ্কে মেগা মুনাফা দিচ্ছে ভারতের জোড়া এক্সচেঞ্জ?

২ জুলাই ভারতীয় শেয়ার বাজার বন্ধ হওয়ার পরে প্রায় ৫৮০ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৭৭,৫০২.১২-এ। তুলনায় বাজার পড়তির দিকে বাকি দুই এশীয় বাজারের। দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোস্পির সূচক প্রায় ৮ শতাংশ কমে গিয়েছে। তাইওয়ানের সূচকও নিচের দিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৮:৩২

ছবি: এআই সহায়তায় তৈরি।

টানা দৌড়ের পর মুখ থুবড়ে পড়েছে এআইয়ের বাজার। এআই কম্পিউটিং ক্ষমতা নিয়ে উদ্বেগের ‘ভবিষ্যদ্বাণীর’ পর এশীয় দেশগুলির বাজারে চিপ স্টকে ধস। তুলনামূলক ভাবে ভাল অবস্থানে দাঁড়িয়ে ভারতের শেয়ার বাজার। এআইয়ের স্টকে পতন দেখা গেলেও ভাল ফল করেছে এদেশের সফ্‌টঅয়্যার সংস্থাগুলি। পর পর দু’টি সেশনে উঠেছে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক (এনএসই)। বিশ্বের দুটি বৃহত্তম সেমিকন্ডাক্টর কেন্দ্র দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের শেয়ার বাজারে বৃহস্পতিবার তীব্র পতন দেখা দিয়েছে। এই টালমাটাল পরিস্থিতি সত্ত্বেও লক্ষ্মীবারে সবুজই থেকেছে ভারতীয় সূচক।

বৃহস্পতিবার, ২ জুলাই ভারতীয় শেয়ার বাজার বন্ধ হওয়ার পরে প্রায় ৫৮০ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৭৭,৫০২.১২-এ। তুলনায় নিম্নমুখী রয়েছে এশীয় বাকি দু’টি বড় বাজার। দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোস্পির সূচক প্রায় ৮ শতাংশ কমে গিয়েছে। তাইওয়ানের সূচকও নিচের দিকে। টানা কয়েক মাস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে বিনিয়োগের জোয়ার আসার পর বর্তমানে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের বাজারে ভাটার টান। এশিয়ার শেয়ার বাজারে রেকর্ড-ভাঙা উত্থানের প্রধান চালিকাশক্তি ছিল, এবার সেই এআই সংস্থার স্টকে গতি হারানোর ইঙ্গিত দিচ্ছে। বাজারে এআই-সম্পর্কিত স্টকগুলির প্রতি বিনিয়োগকারীদের উচ্ছ্বাস পড়তির দিকে হওয়ায় এই প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে।

এতদিন এআই-নির্ভর বিনিয়োগের জোয়ার এই দুই বাজারকে রেকর্ড উচ্চতায় পৌঁছে দিলেও, এখন বহু বিনিয়োগকারীর মনে কাঁটা খচখচ করছে যে এআই খাতে ব্যয় হয়ত খুব দ্রুত এবং মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। এমতাবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিকাঠামোয় বিপুল লগ্নি আদৌ যুক্তিযুক্ত কি না—এমন প্রশ্নেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।

অন্যদিকে, ভারতের তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারগুলিতে শক্তিশালী প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে। টানা চারটি সেশনে মোট ৬.৫ শতাংশ পতনের পর এদিন নিফটি আইটি সূচক ঘুরে দাঁড়িয়ে একসময় ৪.৬ শতাংশ বেড়ে ২৬,৯৪৬.৩৫ পয়েন্টে পৌঁছায়।

এই পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছে ইনফোসিসের মতো বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। এর শেয়ারের দাম ৫ শতাংশেরও বেশি বেড়েছে। পাশাপাশি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং এইচসিএল টেকনোলজিসের (এইচসিএলটেক) শেয়ার ৪ শতাংশের বেশি করে বৃদ্ধি পেয়েছে। টেক মাহিন্দ্রার শেয়ারও প্রায় ৪ শতাংশ বেড়ে যাওয়ায় দালাল স্ট্রিটে তথ্যপ্রযুক্তি খাতটি দিনের সেরা পারফর্মিং সেক্টর হিসেবে উঠে আসে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Share Bazar South Korea Taiwan Sensex

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy