Advertisement
E-Paper

টুকরো খবর

আগামী মাস থেকেই এমনিতেই প্রাকৃতিক গ্যাসের নতুন (৮.৩ ডলার) দর চালু হওয়ার কথা। তার আগে গ্যাস জোগান চুক্তিতে দাম হিসেবের মাপকাঠি সংক্রান্ত ক্ষেত্রে এক বড়সড় বদল আনল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)। এর জেরে তাদের কেজি-ডি৬ ক্ষেত্র থেকে সরবরাহ করা গ্যাসের দাম ওই ৮.৩ ডলারের উপর আরও ১০% বাড়তে চলেছে।

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ০১:২২

জোগান-চুক্তিতে গ্যাসের দাম আরও বাড়াল রিলায়্যান্স

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

আগামী মাস থেকেই এমনিতেই প্রাকৃতিক গ্যাসের নতুন (৮.৩ ডলার) দর চালু হওয়ার কথা। তার আগে গ্যাস জোগান চুক্তিতে দাম হিসেবের মাপকাঠি সংক্রান্ত ক্ষেত্রে এক বড়সড় বদল আনল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)। এর জেরে তাদের কেজি-ডি৬ ক্ষেত্র থেকে সরবরাহ করা গ্যাসের দাম ওই ৮.৩ ডলারের উপর আরও ১০% বাড়তে চলেছে। আরআইএল ইতিমধ্যেই ইউরিয়া সারের কারখানাগুলিকে প্রাকৃতিক গ্যাস জোগানের জন্য এই গ্যাস বিক্রি ও কেনার চুক্তি (জিএসপিএ) পাঠিয়েছে। তাতে সরকার নির্ধারিত নির্দিষ্ট দামই ধার্য করা হলেও, তা গ্যাসের সার্বিক বা ‘গ্রস ক্যালরিফিক ভ্যালু’-র (জিসিভি) উপর হিসাব করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতদিন দাম ধরা হত গ্যাসের নিট বা ‘নেট ক্যালরিফিক ভ্যালু’-র (এনসিভি) উপর। প্রসঙ্গত, প্রাকৃতিক গ্যাস থেকে যে তাপ তৈরি হয় সেটাই ক্যালরি হিসেবে ধরা করা হয়। এক জিসিভি ০.৯ এনসিভি-র সমান। জিসিভি-র হিসেবে দাম ধরায় মোট গ্যাসের দাম অনেকটা বাড়বে। আমদানি করা তরল গ্যাস জিসিভি-র হিসেবে ধরা হয়, সেই যুক্তিতেই মাপকাঠি বদলানোর কথা বলেছে তারা। তবে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়লে সার তৈরির খরচও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা অবশ্য জানিয়েছেন, তাঁরা আরআইএল-এর এই চুক্তি বদলের বিষয়টি তেল মন্ত্রকের নজরে এনেছেন। তাঁদের আশা, রঙ্গরাজন কমিটির ফর্মুলা মেনেই কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্যাসের দাম ঠিক করবে।

Advertisement

আয় কর রিটার্ন দাখিলের নয়া নিয়ম

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

সাধারণ আয়করদাতাদের সুবিধা দিতে ইন্টারনেটের মাধ্যমে রিটার্ন দাখিলের নয়া পদ্ধতি চালু করতে চায় কেন্দ্র। এ জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময় ডিজিটাল সিগ্নেচার ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। তারা জানিয়েছে, আগামী ২০১৫-এর মার্চ থেকেই এই নয়া ব্যবস্থা চালু হবে। এ জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে কেন্দ্রীয় কর দফতর। আর সে ক্ষেত্রে তাদের সাহায্য করবে প্রত্যক্ষ কর পর্ষদ। নয়া পদ্ধতিতে এখনকার মতো ইন্টারনেটে রিটার্ন দাখিলের পর তার কাগজ ফের ডাক মারফত বেঙ্গালুরুর দফতরে পাঠাতে হবে না। ফলে তা না পৌঁছনোর জেরে রিটার্ন বাতিলের সম্ভাবনাও কমবে। সুবিধা হবে করদাতাদের।

টেলিকমে জোট

দেশ জুড়ে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা দিতে ভায়োম নেটওয়ার্কস -এর সঙ্গে জোট বাঁধল রিলায়্যান্স জিও ইনফোকম। মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের এই শাখা সংস্থাটি জানিয়েছে, পরিষেবা দেওয়ার জন্য ভায়োমের টেলিকম টাওয়ার পরিকাঠামো ব্যবহার করবে তারা। বর্তমানে দেশে ওই সংস্থার মোট ৪২ হাজার টাওয়ার রয়েছে।

সংস্থা অধিগ্রহণ

স্পেনের কেব্ল ও ইন্টারনেট সংস্থা ওনো-কে হাতে নিল ভোডাফোন। ১,০০০ কোটি ডলারে সংস্থাটি কেনার কথা জানিয়েছে ব্রিটিশ মোবাইল পরিষেবা বহুজাতিকটি। স্পেনে বর্তমানে তাদের ১.৪ কোটি গ্রাহক। এ বার বিভিন্ন পরিষেবা দিয়ে তা আরও বাড়াতে চায় ভোডাফোন।

নয়া প্রসাধনী

ব্যবসা বাড়াতে দূষণ প্রতিরোধক ফেস ওয়াশ ও স্ক্রাব এনেছে ইমামি। সংস্থার দাবি, তাদের বোরো প্লাস ব্র্যান্ডের এই পণ্যগুলিতে আঙুর ও গ্রিন টি-র নির্যাস আছে। যা ত্বকের পক্ষে ভাল। ব্র্যান্ডটির প্রচারের অভিনেত্রী সোনাক্ষী সিংহকে অন্যতম বিপণন দূতও করেছে ইমামি।

নতুন স্পিকার

বাজারে নতুন স্পিকার আনল ফেন্ডা অডিও। ৫,০০০ ওয়াটের এই ‘এ৫৩০ইউ’ স্পিকার ছোট জায়গার জন্য উপযুক্ত। এতে আছে সাব উফার ও সারাউন্ড সাউন্ড প্রযুক্তি। ব্যবহার করা যাবে টিভি, ডিভিডি, এমপিথ্রি প্লেয়ার এবং কম্পিউটারের সঙ্গে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy