ছ’মাসে সর্বোচ্চ টাকার দাম
সংবাদ সংস্থা • মুম্বই
শেয়ার বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাড়ল টাকা। সোমবার ডলারের সাপেক্ষে তা উঠল আরও ১২ পয়সা। এক ডলার দাঁড়াল ৬০.৭৭ টাকায়। ডলারের তুলনায় টাকার এই দাম গত ছ’মাসেরও বেশি সময়ে সর্বোচ্চ। শেয়ার বাজার আর টাকার এই যুগলবন্দিতে প্রত্যাশিত ভাবেই খুশি কেন্দ্র। কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব অরবিন্দ মায়ারাম বলেন, “অর্থনীতির হাল যে কিছুটা ফিরেছে, তার স্পষ্ট প্রতিফলন এটা। আশা করি, শীঘ্রই বৃদ্ধির হারও আরও ভাল হতে দেখব আমরা।” বিশেষজ্ঞদের মতে, বাজার চড়ছে মূলত বিদেশি আর্থিক সংস্থাগুলির লগ্নিতে ভর করে। যেমন, সোমবারই তারা ঢেলেছে ১,৪৬৫ কোটি টাকারও বেশি। আর এই অর্থ তারা নিয়ে আসে ডলারে। তার বিনিময়ে বাজারে ঢালার টাকা নেয় ব্যাঙ্ক থেকে। ফলে বাজারে ডলারের জোগান বাড়ে। এবং তার তুলনায় দাম বাড়ে টাকার। এই কারণেই সূচকের সঙ্গে সঙ্গে টাকাও এখন ঊর্ধ্বমুখী।
মিউচুয়াল ফান্ড নিয়ে আরও কড়া সেবি
সংবাদ সংস্থা • মুম্বই
মিউচুয়াল ফান্ডের তহবিল নিয়ে বাড়তি তথ্য প্রকাশ বাধ্যতামূলক করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। যেমন, ফান্ড যে তহবিল পরিচালনা করে, কোন কোন ধরনের প্রকল্প থেকে তা সংগৃহীত হয়েছে, তুলনায় ছোট শহর থেকে সেখানে লগ্নির হার কেমন, কোন ধরনের লগ্নিকারীরা সেখানে টাকা ঢেলেছেন ইত্যাদি সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি প্রতি মাসে প্রকাশের নির্দেশ দিয়েছে তারা। তা প্রকাশ করতে ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যামফির ওয়েবসাইটেও। ফান্ড শিল্পের দীর্ঘ মেয়াদি নীতির অংশ হিসেবে হবে তা কার্যকর হবে ১ এপ্রিল থেকে।
পিএফে নয়া ব্যবস্থা চালু ১ অক্টোবর
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
চাকরি বদলালেও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) অ্যাকাউন্ট নম্বর একই রাখার বন্দোবস্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইপিএফও। আগামী ১ অক্টোবর থেকেই দেশ জুড়ে এই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছে তারা। তাদের দাবি, এর ফলে একাধিক বার সংস্থা বদল করলেও, অ্যাকাউন্ট নম্বর একই থাকবে। ফলে প্রভিডেন্ট ফান্ডের টাকা হস্তান্তরের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। আগের চাকরির অ্যাকাউন্ট বন্ধ করে, সেখান থেকে টাকা তোলারও প্রশ্ন থাকবে না এই নতুন ব্যবস্থায়।