Advertisement
E-Paper

টুকরো খবর

জোড়া ধাক্কা খেল দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। জানুয়ারিতে সামান্য আশা জাগিয়ে শিল্পোৎপাদন বাড়লেও, পরের মাসে তা ফের তলিয়ে গেল। ফেব্রুয়ারিতে সরাসরি কমলো ১.৯%। যা দেখে অবিলম্বে সুদ কমানোর দাবিতে ফের সরব হয়েছে শিল্পমহল। গত পাঁচ মাসের সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে বাণিজ্য ঘাটতিও।

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৪ ০৩:০২

ঘুরে দাঁড়ানোয় জোড়া ধাক্কা, কমলো শিল্পোৎপাদন ও রফতানি

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

জোড়া ধাক্কা খেল দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। জানুয়ারিতে সামান্য আশা জাগিয়ে শিল্পোৎপাদন বাড়লেও, পরের মাসে তা ফের তলিয়ে গেল। ফেব্রুয়ারিতে সরাসরি কমলো ১.৯%। যা দেখে অবিলম্বে সুদ কমানোর দাবিতে ফের সরব হয়েছে শিল্পমহল। গত পাঁচ মাসের সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে বাণিজ্য ঘাটতিও। মার্চে তা হয়েছে ১,০৫১ কোটি ডলার। টানা দু’মাস রফতানি কমাই (মার্চে ৩.৫%) এর মূল কারণ। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, এ বার শিল্পোৎপাদন সরাসরি কমে যাওয়ার মূল কারণ, কল-কারখানার উৎপাদনের খারাপ ফলাফল। শিল্পোৎপাদন সূচকের ৭৫% জুড়েই রয়েছে এই শিল্প। আর ফেব্রুয়ারিতে তা সঙ্কুচিত হয়েছে ৩.৭%। ধাক্কা খেয়েছে মূলধনী পণ্যের উৎপাদনও। অদূর ভবিষ্যতে শিল্প মুখ তুলবে কি না তার একটা আঁচ মেলে এই পণ্যের উৎপাদনে। কিন্তু ফেব্রুয়ারিতে তা সরাসরি ১৭.৪% কমেছে। একই ভাবে আশঙ্কা বাড়িয়েছে বাণিজ্য ঘাটতিও। বিশেষজ্ঞদের মতে, গত অর্থবর্ষে রফতানির লক্ষ্য ছোঁওয়া যায়নি। ঘাটতি আরও বাড়ত সোনা, রূপো আমদানি ৪০% না কমলে।

Advertisement

কমলো যাত্রী গাড়ি বিক্রি

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

টানা দু’বছর কমলো দেশের যাত্রী গাড়ি বিক্রি। শুক্রবার গাড়ি সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) জানিয়েছে, গত অর্থবর্ষে (২০১৩-’১৪) বিক্রি কমেছে ৪.৬৫%। দাঁড়িয়েছে প্রায় ১৭.৮৭ লক্ষে। এর আগে ২০১২-’১৩ অর্থবর্ষে তা কমেছিল ৬.৬৯%। সব ধরনের গাড়ি মিলিয়ে অবশ্য বিক্রি ৩.৫৩% বেড়ে হয়েছে ১.৮৪ কোটির সামান্য বেশি। মূলত দু’চাকার গাড়ির বিক্রি (১.৪৮ কোটির বেশি) বাড়ার কারণেই যা বেড়েছে।এ দিন সিয়ামের প্রেসিডেন্ট বিক্রিম কির্লোস্কর জানান, চড়া সুদ ও জ্বালানির দামের জেরে যাত্রী গাড়ির ক্রেতারা উৎসাহ হারিয়েছেন। পাশাপাশি, দেশের আর্থিক বৃদ্ধির হার কম থাকার জেরে ধাক্কা খেয়েছে বাণিজ্যিক গাড়ির বিক্রিও (পুরো অর্থবর্ষে কমেছে ২০.২৩%)। ফলে সব মিলিয়ে বিরূপ প্রভাব পড়েছে সংস্থাগুলির উপর। আর এ সবের জের পড়েছে কর্মীদের উপরেও। শুধুমাত্র গত অর্থবর্ষে ১.৫ লক্ষ কর্মী কাজ হারিয়েছেন বলে জানিয়েছেন কির্লোস্কর। তবে চলতি অর্থবর্ষে গাড়ি শিল্পের ঘুরে দাঁড়ানো নিয়ে এ দিন আশা প্রকাশ করেছেন তিনি। তবে সে জন্য অন্তর্বর্তী বাজেটে নেওয়া কর ছাড় প্রকল্প চালিয়ে যেতে হবে বলেই তাঁর মত।

রতন টাটাকে সম্মান

সংবাদ সংস্থা • লন্ডন

টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমেরিটাস রতন টাটাকে অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক সম্মান জিবিই (নাইট গ্র্যান্ড ক্রস) দেওয়ার কথা ঘোষণা করল ব্রিটেন। ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার পাশাপাশি মন্দার পরে ব্রিটেনের অর্থনীতিকে টেনে তুলতে তাঁর অবদানের জন্যই এই স্বীকৃতি।

নোকিয়ার প্রস্তাব

সংবাদ সংস্থা • চেন্নাই

চেন্নাই কারখানার কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প চালু করল নোকিয়া। শুক্রবার সংস্থা জানিয়েছে, এই প্রকল্পে যে কেউই চাকরি ছাড়তে পারবেন। সেই কর্মীদের সব রকম প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে বলেও দাবি তাদের। কারখানাটিতে বর্তমানে ৬,৬০০ পূর্ণ সময়ের কর্মী রয়েছেন।

নতুন সিইও-র খোঁজ শুরু ইনফোসিসে

নতুন সিইও-র খোঁজ শুরু করল ইনফোসিস। সংস্থার সিইও এস ডি শিবুলাল জানিয়েছেন, আগামী ৯ জানুয়ারি সিইও এবং পরিচালন পর্ষদের সদস্য হিসেবে শেষ বার তাঁর বোর্ড-বৈঠকে থাকার কথা। সে দিন কিংবা তার আগেই তাঁর উত্তরসূরি তৈরি হয়ে গেলে অবসর নিতে চান তিনি। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সংস্থাটি। অনেক বিশেষজ্ঞ অবশ্য মনে করছেন, শিবুলাল এই কথা এমন সময় জানালেন, যখন একের পর এক শীর্ষ কর্তা সংস্থা ছাড়ায় ভাবমূর্তি কিছুটা ধাক্কা খেয়েছে ইনফোসিসের। তাঁদের মতে, নারায়ণমূর্তি ফিরে এসে সংস্থাকে ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা করছেন ঠিকই। কিন্তু তা ধাক্কা খাচ্ছে গুরুত্বপূর্ণ পদাধিকারীরা সংস্থা ছাড়ায়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy