Advertisement
E-Paper

কৃত্রিম মেধার দাপাদাপিতে ফের গণছাঁটাই, ওরাকলের মতোই আর এক সংস্থায় চাকরি খোয়ালেন ১১,০০০ কর্মী!

কম্পিউটার-ল্যাপটপ নির্মাণকারী বহুজাতিক মার্কিন সংস্থা ডেল টেকনোলজ়িসে ছাঁটাই। কাজ হারালেন সেখানকার ১১ হাজার কর্মী। এর জন্য কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তির বাড়বাড়ন্তকেই দুষছেন বিশ্লেষকদের একাংশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৬:৪৭
Representative Picture

—প্রতীকী ছবি।

বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট ডেল টেকনোলজ়িসে ফের গণহারে ছাঁটাই। কাজ হারালেন ১১ হাজার কর্মী। গত কয়েক বছর ধরেই কর্মচারী সংখ্যা হ্রাসের দিকে নজর দিচ্ছিল কম্পিউটার-ল্যাপটপ নির্মাণকারী এই সংস্থা। এখনও পর্যন্ত সেটা ১০ শতাংশ সংকুচিত হয়েছে বলে জানা গিয়েছে। এই সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না কেউই।

উল্লেখ্য, গত বছর (পড়ুন ২০২৫ সাল) ডেলের মোট কর্মী সংখ্যা ছিল ১.০৮ লাখ। বর্তমানে সেটাই ৯৭ হাজারে নেমে এসেছে। অর্থাৎ ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা ১১ হাজার। সূত্রের খবর, একবারে তাঁদের চাকরি যায়নি। ধাপে ধাপে কর্মচারীর সংখ্যা হ্রাস করেছে কম্পিউটার-ল্যাপটপ নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট।

ডেলের তরফে ছাঁটাইয়ের কারণ হিসাবে কৃত্রিম মেধা বা এআইকে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) চিহ্নিত করা হয়েছে। সংস্থার দাবি, নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাপিয়ে কর্মশক্তিতে যুক্তিসঙ্গত করে তোলা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ পুনর্গঠনের কথা মাথায় রেখে ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

Advertisement

বিপুল সংখ্যায় কর্মী হ্রাসের জেরে ডেলের যে খরচ অনেকটাই কমেছে, তা বলাই বাহুল্য। ২০২৪-’২৫ অর্থবর্ষে কর্মচারীদের বেতন-সহ অন্যান্য সুযোগ সুবিধা বাবদ ৬৯.৩০ কোটি ডলার ব্যয় করেছিল সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। ২০২৫-’২৬ আর্থিক বছরে সেটাই কমে ৫৬.৯০ কোটি ডলারে নেমে আসে। এ বার সেই সূচক যে আরও নিম্নমুখী হবে, তা বলাই বাহুল্য।

এ বছরের ১ এপ্রিল ভোর ছ’টায় ই-মেল পাঠিয়ে মোট ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করে বহুজাতিক মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকেল। কাজ হারানোরদের তালিকায় রয়েছেন ১২ হাজার ভারতীয়। আনুষ্ঠানিক ভাবে এই পদক্ষেপ নিয়ে কোনও বিবৃতি দেয়নি তারা। যদিও বিশ্লেষকদের একাংশের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জেরেই চাকরি গিয়েছে ৩০ হাজার কর্মীর।

সূত্রের খবর, একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে কর্মীদের প্রাতিষ্ঠানিক পরিবর্তন সম্পর্কে আগেই জানিয়ে দেয় ওরাকল। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামো এবং এআই তথ্য ভান্ডারে (ডেটা সেন্টার) বিনিয়োগের কারণে খরচ কমাতে বেশ কিছু পদ লুপ্ত করেছে এই মার্কিন টেক জায়ান্ট। যদিও বহু কর্মীর অভিযোগ, এ বিষয়ে আগে থেকে মানবসম্পদ বিভাগের সঙ্গে কোনও আলোচনা বা ম্যানেজারের থেকে কোনও আভাস পাওয়া যায়নি। ছাঁটাইয়ের ইমেল সরাসরি ‘ওরাকল লিডারশিপ’-এর পক্ষ থেকে পেয়েছেন তাঁরা।

Job Cut Dell
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy