বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাড-হক কমিটির সভাপতি পদে তামিম ইকবাল আসতেই ভোলবদল সে দেশের ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ল বহু গুণ। বার্ষিক চুক্তির টাকাও বাড়ানো হয়েছে। তামিম জানিয়েছেন, ক্রিকেটারদের উন্নতির স্বার্থে এ ভাবেই কাজ করে যাবেন তাঁরা।
মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে তামিমের কমিটি। এক বৈঠকে মহিলা দলের ম্যানেজার জানান, এখন ম্যাচ খেললে দিন প্রতি ১০০০ বাংলাদেশি টাকা পান মহিলা ক্রিকেটারেরা। তা শুনে অবাক হয়ে যান তামিম। সঙ্গে সঙ্গে ১০ গুণ টাকা বাড়িয়ে দেন। এখন থেকে মহিলা ক্রিকেটারেরা টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার বাংলাদেশি টাকা, ৫০ ওভারের ম্যাচের জন্য ১৫ হাজার এবং প্রথম শ্রেণির ম্যাচের জন্য ২০ হাজার বাংলাদেশি টাকা পাবেন। প্রথম ৩৬ জন মহিলা ক্রিকেটারের মাসিক বেতন ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার বাংলাদেশি টাকা করা হয়েছে।
ছেলেদের বেতনও বেড়েছে। ক্যাটেগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারেরা প্রতি মাসে ৬৫ হাজার বাংলাদেশি টাকা পাবেন। ‘বি’ এবং ‘সি’ বিভাগে থাকা ক্রিকেটারেরা যথাক্রমে ৫০ হাজার এবং ৪০ হাজার বাংলাদেশি টাকা পাবেন। প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ বাংলাদেশি টাকা করা হয়েছে।
আরও পড়ুন:
তামিম বলেছেন, “এই বেতনকাঠামোও পুরোপুরি ঠিক নয়। তবে কিছুটা উন্নতি করা হল। বেতন বাড়ানোর একটা ঊর্ধ্বসীমা রয়েছে। গত তিন-চার বছরে খুব কম বেতনবৃদ্ধি হয়েছে। আগের বেতন কাঠামোয় ক্রিকেটারেরা অনেক কম টাকা পেত। ওরা কঠোর পরিশ্রম করে। ওদের জন্যই দেশের ক্রিকেট বেঁচে আছে। ওদের যথোচিত মূল্য দেওয়া দরকার।”
এ দিকে, সরকারের বিদ্যুৎ বাঁচানোর উদ্যোগে শামিল হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ় দিন-রাতের হওয়ার কথা ছিল। তা তিন ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হবে ম্যাচ। শেষ হবে সন্ধ্যা ৬.৩০টার মধ্যে। চার ঘণ্টা বিদ্যুৎ বাঁচাতে পারবে বোর্ড। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ২টোয়। শেষ হবে বিকেল ৫.১০-এর মধ্যে।