বিদেশে কর্মরতদের জন্য অনলাইনে পিএফের তথ্য দেওয়ার সুবিধা চালু
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
সংগঠিত শিল্পের কর্মীরা বিদেশে কাজ করতে গেলে এখন থেকে অনলাইনেই তাঁদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যাবতীয় তথ্য সরাসরি পাঠাতে পারবেন সংশ্লিষ্ট দফতরে। পিএফের ‘সার্টিফিকেট অফ কভারেজ’ পাওয়ার জন্য ওই সব তথ্য জমা দেওয়া জরুরি। সংশ্লিষ্ট ব্যাক্তি যে পিএফের মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন, তার প্রমাণ দিতেই ওই সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। তাই বিদেশে কর্মরতদের এই সার্টিফিকেট পাওয়া নিয়ে ঝঞ্ঝাট কমানোর জন্যই এই উদ্যোগ পিএফ দফতরের। এই কাজে ব্যবহারের জন্য সম্প্রতি সফ্টওয়্যারের উন্নত সংস্করণ চালুও করেছে তারা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) একটি নির্দেশিকায় জানিয়েছে এ কথা। আবেদনকারীকে এখন থেকে এ সংক্রান্ত নির্দিষ্ট ফর্ম পূরণ করে, সেটি সংশ্লিষ্ট নিয়োগকারীকে দিয়ে সই করানোর পর, সরাসরি পিএফ দফতরে পাঠিয়ে দিতে হবে। বর্তমানে এ দেশে পিএফের আওতায় থাকা কর্মীরা বিদেশে চাকরি করতে গেলে সেখানে তাঁরা ওই প্রকল্পে টাকা জমা দিতে পারেন না। এবং এই সুবিধা পেতে হলেই সার্টিফিকেট অফ কভারেজ হাতে থাকা জরুরি।
ভোট মিটলেই ভারতে লগ্নি বাড়াবে মার্কিন সংস্থাগুলি, দাবি রাজনের
সংবাদ সংস্থা • ওয়াশিংটন
ভারতের বাজারে লগ্নি বাড়াতে বদ্ধপরিকর মার্কিন সংস্থাগুলি। লোকসভা ভোট মিটলেই সেই পথে পা বাড়াবে তারা। সোমবার ইউএস-ইন্ডিয়ান বিজনেস কাউন্সিলে (ইউএসআইবিএস) বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন। এ দিন এক বিবৃতিতে তাঁর দাবি, ভারতের আর্থিক বৃদ্ধিতে সামিল হতে এবং দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন সংস্থাগুলি। ভারতের প্রতি বিদেশি লগ্নিকারীদের আস্থা বাড়াতেও তা সহায়ক হবে বলে মনে করছেন তিনি। সে ক্ষেত্রে পরিকাঠামোয় দীর্ঘমেয়াদি লগ্নির পথে হাঁটতে পারে তারা। এ ছাড়াও, মূলধনী বাজার, মোবাইল ব্যাঙ্কিং ইত্যাদি নিয়েও আলোচনা করেছে সংস্থাগুলি। গত বছরে টাকা ও শেয়ার বাজারের অস্থিরতা সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্ক যে ভাবে নীতি পরিচালনা করেছে তার প্রশংসাও শোনা গিয়েছে ইউএসআইবিএস-এর গলায়। যে কারণে আগামী দিনেও রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে নানা বিষয়ে কাজ করতে আগ্রহী মার্কিন সংস্থাগুলি।
মোবাইল ব্যবসা বিক্রির সম্ভাবনা খারিজ ব্ল্যাকবেরির
সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক
মোবাইল ব্যবসা লাভ না-দিতে পারলে, তা থেকে সরে দাঁড়ানোর কথা গত সপ্তাহে জানিয়েছিলেন ব্ল্যাকবেরির সিইও জন শেন। কিন্তু সেই অবস্থান ১৮০ ডিগ্রি বদলে সোমবার তিনি জানালেন, ওই ব্যবসা বিক্রির কথা ভাবছেন না তাঁরা। বরং তাকে লাভজনক করে তোলাই এখন তাঁদের লক্ষ্য। এ দিকে, ইন্টারনেট ‘বাগ’ ‘হার্টব্লিড’-কে আটকাতে ব্যবস্থা নিচ্ছে ব্ল্যাকবেরি। আগামী শুক্রবারের মধ্যে বিবিএম মেসেজিং এবং কর্পোরেট ই-মেল পরিষেবার সুরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ বাজারে আনার কথা জানিয়েছে তারা। গুগ্লের অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত ফোন এবং অ্যাপলের আই ফোনের ক্ষেত্রে যা প্রযোজ্য হবে। গত সপ্তাহেই এই ‘বাগ’-এর কথা প্রকাশ্যে এসেছে। যার কাজ বিভিন্ন সুরক্ষিত সাইটে ঘাপটি মেরে থাকা। আর তার সাহায্যে চাইলে হ্যাকাররা সেই সাইটে গ্রাহকের বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে।
সুদ মকুবের নজির রয়েছে: জালান
সংবাদ সংস্থা • কলকাতা
চরম সঙ্কটে পড়লে কেন্দ্রের কাছে ঋণে সুদ মকুবের সুবিধা পেতেই পারে কোনও রাজ্য। তা পাওয়ার নজিরও রয়েছে। সোমবার বণিকসভা এমসিসি চেম্বার অব কমার্সের এক সভার ফাঁকে এ কথা জানিয়ে গেলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালান। তবে উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গেরও এই সুবিধা প্রাপ্য কিনা, তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য এড়িয়ে যান তিনি। জালানের বক্তব্য, অতীতে খরা-সহ বিভিন্ন সঙ্কটে নানা রাজ্যকে সুদ মকুবের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু এ রাজ্যের তা পাওয়া উচিত কি না, সে বিষয়ে তাঁর বক্তব্য, “এ রাজ্যের জন্য আরও বেশি কেন্দ্রীয় সহায়তা অবশ্যই চাই। কিন্তু তার জন্য দেখতে হবে যে, তাতে সব রাজ্যের মধ্যে বণ্টন নিয়ে স্বচ্ছতা বজায় থাকছে কি না।
মহীন্দ্রার উদ্যোগ
ফল বিক্রি করতে বেলজিয়ামের ইউনিভেজের সঙ্গে জোট বাঁধল মহীন্দ্রা। এ জন্য সংস্থাটির সঙ্গে যৌথ উদ্যোগ গড়েছে মহীন্দ্রার কৃষিপণ্য ব্যবসার শাখা মহীন্দ্রা শুভলাভ।
চোখ ধাঁধানো নীল। সম্প্রতি নিউ ইয়র্কে এই নীল হিরে প্রদর্শন করল ক্রিস্টি।
শীঘ্রই যা উঠবে নিলামে। এমন নিখুঁত, উজ্জ্বল নীল রঙের হিরে এর আগে কখনও কোনও
নিলামে ওঠেনি। মনে করা হচ্ছে দাম উঠবে ২.১০ কোটি ডলার (১২৮.১০ কোটি টাকা)
থেকে ২.৫০ কোটি ডলারের (১৫২.৫০ কোটি টাকা) মধ্যে। ছবি: রয়টার্স।