ডালের দাম বাড়া রুখতে বিভিন্ন ব্যবস্থা নিলেও এখনও পর্যন্ত তা কাজ দেয়নি। এ বার সরাসরি মজুতদারদের কাছ থেকে পণ্যটি বাজেয়াপ্ত করার পথে হাঁটছে বিভিন্ন রাজ্য সরকার। গত কয়েক মাসেই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্য থেকে বেআইনি ভাবে মজুত থাকা প্রায় ৫,৮০০ টন ডাল বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার ডালের উৎপাদন, সরবরাহ, দাম নিয়ে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে কথা শুরু করেছে কেন্দ্রও। রাজ্যগুলিকেও কড়া হাতে মজুতদারি নিয়ন্ত্রণ এবং কালোবাজারি আটকানোর নির্দেশ দিয়েছে তারা।