ইতালির দেউলিয়া ইস্পাত সংস্থা লুচিনি-কে বাঁচাতে এ মাসের শুরুতেই উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন মানুষদের এগিয়ে আসার ডাক দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। এ বার তাঁর সেই আশা পূরণ হওয়ার ইঙ্গিত দিয়েই প্রতিদ্বন্দ্বিতায় নামল ভারতের জিন্দল ভাইয়েরা। সংস্থা সূত্রের খবর, লুচিনির কিছুটা অংশ কেনার উৎসাহ দেখিয়ে আলাদা আলাদা ভাবে কথা চালাচ্ছে সজ্জন জিন্দলের জেএসডব্লিউ স্টিল এবং তাঁর ছোট ভাই নবীন জিন্দলের সংস্থা জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ার (জেএসপিএল)। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ অবশ্য সব পক্ষই। তবে এক দিকে ইতালির দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী সংস্থাটির কিছু কারখানা কিনতে তাঁরা আগ্রহী বলে জানিয়েছেন জিন্দল স্টিলের এক সূত্র। তেমনই আবার জেএসডব্লিউ সূত্রের দাবি, ওই সম্পত্তি কেনার লক্ষ্যে আগামী সপ্তাহের মধ্যেই তাদের শীর্ষ আধিকারিকেরা বৈঠকে বসতে পারেন লুচিনি, ইতালি সরকার ও ইউনিয়নের সঙ্গে। লুচিনির তরফেও এই বৈঠকের ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন।
প্রসঙ্গত, ২০০৮-এর মন্দার জেরে ইউরোপ জুড়ে ইস্পাতের চাহিদায় টান পড়ায় সঙ্কটে পড়ে লুচিনি। যাদের পিয়োম্বিনো শহরে একটি ব্লাস্ট ফার্নেস এবং লিসো-তে একটি ওয়্যার রড কারখানা রয়েছে। বিক্রির চেষ্টা করা হলেও লগ্নিকারী জোটেনি। বর্তমানে উৎপাদন প্রায় বন্ধ। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ৪,০০০ কর্মীর চাকরি। ২০১২-তেই সংস্থাটি দেউলিয়া ঘোষণা করা হয়েছিল। পরে বড় সংস্থায় কর্মী ছাঁটাই এড়ানোর প্রক্রিয়া হিসেবে সেটিকে আনা হয় বিশেষ প্রশাসনের আওতায়। এ বার ভারতের বাইরে নিজেদের ব্যবসা সম্প্রসারণে সেই লুচিনিকেই বাজি করতে চলেছে ভারতের সংস্থা দু’টি।