তথ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা), ডেটা সায়েন্স-সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজে দক্ষ ব্যক্তিদের চাহিদা বাড়ছে। তাই বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে ওই সব বিষয়ে আলাদা করে স্নাতকোত্তরের কোর্স করানো হয়ে থাকে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণীর তরফে এমনই একটি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে।
প্রতিষ্ঠানের কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম সেলের তরফে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম মেধা) অ্যান্ড ডেটা সায়েন্স বিষয়ে এগ্জ়িকিউটিভ এমটেক করানো হবে। এই বিষয়টি নিয়ে পড়ুয়াদের পাশাপাশি, কর্মরত পেশাদারেরাও পড়তে পারবেন। তবে, তাঁদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক হতে হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট বিষয়ের জন্য মোট ৩০টি আসন বরাদ্দ করা হয়েছে। প্রতি সপ্তাহান্তে ক্লাস করানো হবে। অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রতিষ্ঠানের শিক্ষকেরা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞেরা কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স-এর মতো একাধিক বিষয়ের খুঁটিনাটি পড়াবেন। পাশাপাশি, ওই বিষয়গুলি তথ্যপ্রযুক্তির দুনিয়ায় কী ভাবে কাজে লাগানো যেতে পারে, সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়েও চর্চা চলবে।
আগ্রহীরা ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে তা ডাকযোগে পাঠিয়ে আবেদন করে পারবেন। আবেদনের শেষ দিন ১৯ জুন। আবেদনমূল্য ৫০০ টাকা। প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ২৬ জুন ডেকে পাঠানো হবে। ১১ জুলাই লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউ হতে পারে। ওই দিন বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ভর্তি প্রক্রিয়া ২৫ জুলাইয়ের মধ্যে শেষ হতে চলেছে।