প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দশম ও দ্বাদশ বোর্ডের পরীক্ষার অ্যাডমিট কার্ড। সিবিএসই-র তরফে তাদের পরীক্ষা সঙ্গম পোর্টালে অ্যাডমিট কার্ডের লিঙ্ক সক্রিয় করেছে। সিবিএসই ২০২৬-এ পরীক্ষা দিচ্ছে যে সকল পড়ুয়া তাদের নিজেদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে না। সংশ্লিষ্ট স্কুলই ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সে প্রক্রিয়া।
সিবিএসই-র নির্দেশ, ডাউনলোডের পরে প্রতিটি অ্যাডমিট কার্ডে স্কুলের প্রধান শিক্ষকের সাক্ষর এবং স্কুলের স্ট্যাম্প থাকতে হবে। এই দু’টিই থাকতে হবে, নচেৎ পরীক্ষায় বসতে দেওয়া হবে না কোনও পড়ুয়াকে। এ ছাড়াও, অ্যাডমিট কার্ডে শিক্ষার্থীর নাম, রোল নম্বর, জন্ম তারিখ (বিশেষ করে দশম শ্রেণির জন্য), বাবা-মায়ের নাম-সহ আরও প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে। এর মধ্যে কোনও একটিতেও যদি ভুল থাকে, পরীক্ষার্থীকে তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুল ওই পড়ুয়ার হয়ে সিবিএসই-র আঞ্চলিক দফতরে সংশোধনের জন্য আবেদন করবে। তবে, সংশোধনের আবেদন একটি নির্দিষ্ট সময় পর্যন্তই করা সম্ভব, তাই ভুল থাকলে দ্রুত যোগাযোগ করতে হবে।
আরও পড়ুন:
সিবিএসই ২০২৬-এর দশম এবং দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা শুরু হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১১ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ১০ এপ্রিল।