Advertisement
E-Paper

উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর! কোন মন্ত্রে সাফল্যের জয় গাইছে মুখ্যমন্ত্রীর জেলা?

পাশের হারে সব জেলাকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে তথ্য পেশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে এই জেলা থেকে সর্ব মোট ৯৪.১৯ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:৩১

— প্রতীকী চিত্র।

মাধ্যমিকের প্রথম দশে সব থেকে বেশি স্থান দখল করেছিল পূর্ব মেদিনীপুর। উচ্চ মাধ্যমিকে পাশের হারে সব জেলাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা গেল মেধাতালিকায় পূর্ব মেদিনীপুর, হাওড়া-সহ জেলার প্রাধান্যই।

পাশের হারে সব জেলাকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে তথ্য পেশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে এই জেলা থেকে সর্ব মোট ৯৪.১৯ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। সদ্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কাঁথির বাসিন্দা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের বাসিন্দারা এতে গর্বিত।

এ বার পাশের হারেও শীর্ষ স্থান ধরে রাখল পূর্ব মেদিনীপুর। মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে মোট ১৩১ জনের নাম প্রকাশিত হয়েছিল। সেখানে ১৯টি জেলার মধ্যে শুধু পূর্ব মেদিনীপুর থেকেই মোট ২৩ জন ছাত্রছাত্রীরা প্রথম দশে স্থান পেয়েছিল। উচ্চ মাধ্যমিকে সেই সংখ্যা ৪ হলেও সার্বিক পাশের হারে সর্বোচ্চে এই জেলা।

কী ভাবে স্কুল স্তরের এই পরীক্ষাতে সেরার স্থান ধরে রাখে এই পূর্ব মেদিনীপুর?

মুখ্যমন্ত্রী যে স্কুলের ছাত্র ছিলেন, কাঁথি বাসস্ট্যান্ডের কাছের সেই কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদনের প্রধানশিক্ষক রাধামাধব দাস জানান, পড়ুয়াদের সার্বিক উন্নয়নের দিকেই তাঁরা বেশি জোর দেন। শৃঙ্খলাবোধ, হাতেকলমে বিজ্ঞানশিক্ষা, পড়ুয়া-শিক্ষক নিয়মিত যোগাযোগ— সবই সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন শিক্ষকেরা।

কাঁথি হাইস্কুলের প্রধানশিক্ষক অনুপম সাউ জানান, প্রধানত পাঠ্যপুস্তকের উপরেই বেশি জোর দেওয়া হয়। বাড়তি কিছু বই পড়ানো হয়। তবে মূল পাঠ্যের উপরই জোর দেওয়া হয়।

সার্বিক ফলাফলের নিরিখে পূর্ব মেদিনীপুরের পরেই স্থান হাওড়ার। মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে চার জন থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের নিরিখে দ্বিতীয় স্থানে চলে এসেছে কলকাতার পশ্চিম পারের জেলা হাওড়া। কলকাতায় পাশের হার ৯১.৮৮, তার যমজ শহর বা ভারতের গ্লাসগো হাওড়া জেলা থেকে পাশের হার ৯৩.৮৪। মহানগরীকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে এই হাওড়া। গঙ্গার পূর্ব পাড়ের থেকে পশ্চিম পাড়ের পাশের হার প্রায় ২ শতাংশ বেশি।

সংসদের তথ্য বলছে একমাত্র ব্যতিক্রমী ভাবে পূর্ব মেদিনীপুরকে বাদ দিলে কলকাতা লাগোয়া জেলা বা শহরতলির প্রাধান্যই বেশি। অন্তত পাশের হারে সেটা বলাই যায়। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা , হুগলি এবং তার পরেই উত্তর ২৪ পরগনা। কলকাতা রয়েছে নদিয়া ও পশ্চিম মেদিনীপুরের পরে। মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে যেখানে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের ১৪ জন ছিল উচ্চ মাধ্যমিকে পাশের হারে এবং প্রথম দশেও উত্তরকে পিছনে রেখেছে দক্ষিণবঙ্গ। দার্জিলিং মালদহ ও মুর্শিদাবাদ থেকে প্রথম দশে স্থান পেলেও দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়া এ ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। প্রথম দশে দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৮ এবং পুরুলিয়া থেকে ১৭ জন পড়ুয়া রয়েছে।

তাই এই পরিসংখ্যান থেকে শিক্ষা মহলের ধারণা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলকাতার থেকে জেলা স্তরেরই প্রাধন্য অনেকটা বেশি হচ্ছে এবং প্রায় সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা।

HS Result
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy