মানবাধিকার সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা বোঝাতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। কমিশনের তরফে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের ওই প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য ইন্টার্নশিপের আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
কমিশনের এই অনলাইন স্বল্পমেয়াদি ইন্টার্নশিপটি চলবে দু’সপ্তাহ ধরে। প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ জুন। চলবে ২৫ জুন পর্যন্ত। প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। মোট ৫৫-৬০টি ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। দু’সপ্তাহের এই ইন্টার্নশিপ শেষ করার পর যোগদানকারীদের শংসাপত্রের পাশাপাশি ১২,০০০ টাকা বৃত্তিও দেওয়া হবে।
সমসাময়িক প্রেক্ষাপটের ভিত্তিতে মানবাধিকার সম্পর্কে সচেতন করা হবে পড়ুয়াদের। এর পাশাপাশি, একাধিক পড়ুয়াদের নিয়ে ছোট ছোট দলে ভাগ করে বিশেষ প্রকল্পের কাজ করানো হবে। এ ছাড়াও বিভিন্ন ধরনের বইয়ের সমালোচনা, মানবাধিকার সম্পর্কিত সিনেমা, তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা দেবেন বিশেষজ্ঞেরা। প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও ফিল্ড ভিজ়িট-এর সুযোগ পাবেন পড়ুয়ারা।
আরও পড়ুন:
প্রশিক্ষণে আগ্রহীদের বয়স অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। এই ইন্টার্নশিপে সুযোগ পেতে স্নাতক স্তরের তৃতীয় বর্ষে পাঠরত, স্নাতকোত্তর স্তরে বা ডিপ্লোমা কোর্সে পাঠরত, যে কোনও ক্ষেত্রের গবেষক অথবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয়, চতুর্থ কিংবা পঞ্চম বর্ষে পাঠরত হওয়া প্রয়োজন।
পাশাপাশি, পড়ুয়াদের দ্বাদশ শ্রেণি থেকে শুরু করে বর্তমানে পাঠরত কোর্সের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ক্ষেত্রে যাঁরা আইন, মানবাধিকার, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, নৃতত্ত্ব, গণজ্ঞাপন, আন্তর্জাতিক সম্পর্ক, অপরাধবিজ্ঞান নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়ছেন কিংবা ডিপ্লোমা করছেন— তাঁদেরই প্রশিক্ষণে যোগদানের সুযোগ দেওয়া হবে।
এর জন্য কমিশনের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম মেনেই আবেদনপত্র, অন্য প্রয়োজনীয় নথি এবং ইন্টার্নশিপে যোগদানের কারণ জানিয়ে ২৫০ শব্দের বক্তব্য লিখে পাঠাতে হবে। ২৭ এপ্রিল আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে। কমিশনের ওয়েবসাইট-এ বাছাই করা পড়ুয়াদের নামপ্রকাশ করা হবে।