স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকার কেন্দ্র সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। দেশের মোট ২৯২টি কেন্দ্রে ২০২৬-এর কুয়েট পিজি হতে চলেছে। ৬ মার্চ থেকে ওই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা কোন কেন্দ্রে ওই পরীক্ষা দিতে যাবেন, সেই তালিকা এনটিএ-এর ওয়েবসাইট মারফত জেনে নিতে পারবেন।
আয়োজক সংস্থার তরফে ৬ এবং ৭ মার্চ-এর পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে, শীঘ্রই অন্য দিনগুলিতে কোন কোন কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে, সেই তথ্যও পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৫-এ কুয়েট পিজি-র জন্য মোট ৩১২টি কেন্দ্র বরাদ্দ করা হলেও এ বারের পরীক্ষায় সেই সংখ্যা কমেছে। তবে, এ বছর পড়ুয়ারা চারটি বেশি শহর পরীক্ষা কেন্দ্র হিসাবে বেছে নেওয়ার সুযোগও পেয়েছেন।
যদিও পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য প্রকাশ করা হলেও এখনও অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়নি। এনটিএ জানিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রার্থীরা ওই নথি ওয়েবসাইট মারফত ডাউনলোড করার সুযোগ পাবেন। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে প্রতি দিন দুই থেকে তিনটি অর্ধে ৯০ মিনিট করে পরীক্ষা নেওয়া হবে। প্রথমার্ধ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১০টা, দ্বিতীয়ার্ধের পরীক্ষা বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টো এবং তৃতীয়ার্ধের পরীক্ষা বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে।