নতুন শিক্ষাবর্ষে নবম শ্রেণির পাঠ্যবই অনলাইন মাধ্যমেও পড়া যাবে। পড়ুয়াদের সুবিধার্থে এনসিইআরটি-র ওয়েবসাইট-এ ইংরেজি, সংস্কৃত, অঙ্ক-সহ বিভিন্ন বিষয়ের বই প্রকাশ করা হয়েছে। ডিজিটাল মাধ্যম থেকে তাঁরা ওই বই পড়তে পারবেন।
চলতি বছরের মার্চে জানানো হয়েছিল, ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যে স্কুলগুলিতে নবম শ্রেণির পাঠ্যবই পৌঁছে যাবে। সেই মত বেশির ভাগ স্কুলেই বই পাঠানো হয়েছে।
তবে, যে সব স্কুল এখনও হাতে বই পায়নি, তারা ওয়েবসাইট থেকে বই ‘ডাউনলোড’ করে পড়াতে পারবে। পড়ুয়াদের আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই অনলাইন মাধ্যম থেকে বই পড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
এনসিইআরটি-র সব বই প্রকাশিত হওয়ার আগে বিশেষজ্ঞ কমিটি বার বার যাচাই করে নিচ্ছে। অন্যান্য বইয়ের ক্ষেত্রে যাতে কোনও বিতর্ক তৈরি না হয়, তা নিয়ে অতিরিক্ত সতর্ক কমিটি। সম্প্রতি এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ শীর্ষক অধ্যায়ে বিচারব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করায় বইটি নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।
ওই বইয়ের সংশ্লিষ্ট অধ্যায় সংস্করণের কাজও শুরু হয়েছে। আদালতের নির্দেশ মেনেই প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কেকে ভেন্যুগোপাল, প্রাক্তন বিচারপতি ইন্দু মলহোত্রা এবং প্রাক্তন বিচারপতি অনিরুদ্ধ বোসের নেতৃত্বে গঠিত কমিটি ওই বইয়ের অধ্যায় সংস্করণের কাজ করছে।