সিবিএসই স্কুলগুলিতে সরকারি পাঠ্যবই নিয়েই পড়াশোনার নিয়ম রয়েছে। অভিযোগ, সেই নিয়ম মানছে না বেশ কিছু স্কুল। স্কুলপড়ুয়াদের নাকি বেসরকারি প্রকাশনার পাঠ্যবই কিনতে বাধ্য করা হচ্ছে। শিক্ষার অধিকার আইন ভঙ্গের অভিযোগে বিষয়টি নিয়ে সরব জাতীয় মানবাধিকার কমিশন।
কমিশনের তরফে জানানো হয়েছে, এনসিইআরটি-র বই যেখানে ১০০ টাকায় কেনা যায়, সেখানে বেসরকারি প্রকাশনার পাঠ্যবই কিনতে খরচ হচ্ছে ১,০০০ টাকা কিংবা তার বেশি। কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো-র নেতৃত্বে সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। এরপরই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, সিবিএসই এবং দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার অধিকার আইন কেন স্কুলগুলি মেনে চলছে না, বেসরকারি প্রকাশনা সংস্থার পাঠ্যবই কেন কিনতে বাধ্য করা হচ্ছে— দ্রুত বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। এর জন্য রাজ্যগুলিকে সব সরকারি এবং বেসরকারি স্কুলের পাঠ্যবইয়ের তালিকার অডিট ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে। প্রয়োজনে পরিদর্শন করে সেই তথ্য সংগ্রহ করতে হবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ করবে কমিশন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কিছু রাজ্যের স্কুলগুলির তরফে কোন বিক্রেতার থেকে বই কিনতে হবে, তা-ও বলে দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। সংশ্লিষ্ট রাজ্যের তরফে স্কুলগুলির বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।