সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কর্মখালির বিজ্ঞাপনে পদের নিরিখে শিক্ষাগত যোগ্যতার বিশদ তথ্য দেওয়া হয়ে থাকে। এরই সঙ্গে উল্লেখ করা হয়, প্রার্থীর কম্পিউটার অ্যাপ্লিকেশন, টাইপিং, ট্যালি, জিএসটি-র মতো বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে। দশম বা দ্বাদশ উত্তীর্ণেরা এই ধরনের কোর্স সম্পূর্ণ করতে পারলে, চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন।
কোন কোর্সে কী শেখানো হয়?
- ট্যালি একটি বিশেষ সফট্অয়্যার, যার মাধ্যমে অ্যাকাউন্টিং এবং ফিন্যাশিয়াল ম্যানেজমেন্ট-এর কাজ করা যায়। ওই সফট্অয়্যার ব্যবহারের কৌশল জানলে হিসাবরক্ষা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজও সহজে করা সম্ভব। দশম উত্তীর্ণ হওয়ার পর এই কোর্স করা যেতে পারে।
- গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) হল দেশের বিভিন্ন পণ্য উৎপাদন ও পরিষেবা ব্যবহারের ওপর ধার্য করা একটি কর। ওই কর ব্যবস্থার অধীনে ট্যাক্স ফাইলিং কী ভাবে করতে হবে, সে সংক্রান্ত খুঁটিনাটি বিশেষ কোর্সের মাধ্যমে শেখানো হয়ে থাকে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে দ্বাদশ উত্তীর্ণেরা এই বিষয়টি শিখে নিতে পারেন।
- এ দেশে ইংরেজি ভাষায় টাইপিং করতে পারার দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা করে তা শেখার সুযোগ রয়েছে। পড়ুয়ারা কম সময়ের মধ্যে সঠিক ভাবে ইংরেজি শব্দ এবং সম্পূর্ণ বাক্য কী ভাবে লিখবেন, তার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। টাইপিং-এর সঙ্গে প্রার্থীদের শর্টহ্যান্ডও শেখানো হয়ে থাকে, যেখানে শব্দের পরিবর্তে বাক্য ছোট রেখা, বক্ররেখা, বিন্দু ও ড্যাশের মত প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। দশম উত্তীর্ণেরা এই কোর্স করতে পারবেন।
— প্রতীকী চিত্র।
- কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর সাহায্যে ডেটাবেস তৈরি করা, প্রেজেন্টেশন কিংবা ডকুমেন্ট ফাইল করা, সাইবার সুরক্ষা, ই-মেল ম্যানেজমেন্ট, ওয়েবসাইট ডোমেন হোস্টিং-এর মতো বিষয়গুলিও শেখার সুযোগ পাওয়া যায়। দশম উত্তীর্ণ হওয়ার পর এই কোর্স করা যেতে পারে।
- অ্যাডভান্সড এক্সেল-এর মাধ্যমে নির্দিষ্ট পাতায় একসঙ্গে পাওয়া একাধিক তথ্য দ্রুত ক্রমানুযায়ী সাজাতে এবং চাহিদা অনুযায়ী তা থেকে প্রয়োজনীয় রিপোর্ট তৈরি কিংবা সিদ্ধান্ত গ্রহণের কৌশল শেখার সুযোগ মেলে। দশম উত্তীর্ণেরা এই কোর্স করে নিতে পারেন।
- ডিজিটাল মার্কেটিং-এর মাধ্যমে প্রযুক্তিগত উন্নতিকে হাতিয়ার করে কোনও সামগ্রী বা পরিষেবা নিয়ে কী ভাবে অনলাইন মাধ্যমে প্রচার করতে হবে, কোন পদ্ধতিতে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজ— সবেরই কৌশল শেখানো হয়ে থাকে।
কোন দক্ষতায় কেমন সুযোগ?
অ্যাকাউন্ট্যান্ট, ট্যালি অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর কিংবা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং এগ্জ়িকিউটিভ পদে চাকরির ক্ষেত্রে ট্যালি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি), ইংরিজি টাইপিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাডভান্সড এক্সেল, ডিজিটাল মার্কেটিং-এর মতো বিষয়গুলিতে সার্টিফিকেট কোর্সের চাহিদা রয়েছে।
কোথায় করানো হয়?
সরকারি প্রশিক্ষণ কেন্দ্র এবং বেসরকারি সংস্থায় এই সব কোর্স করানো হয়ে থাকে। বর্তমানে অনলাইন মাধ্যমেও উল্লিখিত কোর্সগুলি করার সুযোগ পাওয়া যায়। সরকারি প্রতিষ্ঠানের পোর্টাল মারফত বেশির ভাগ কোর্সই বিনামূল্যে করার সুযোগ রয়েছে। তবে, কিছু কিছু কোর্সের ক্ষেত্রে পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।