Advertisement
E-Paper

স্নাতক শেষের আগেই স্নাতকোত্তরের প্রবেশিকা! শিক্ষানীতি কার্যকর করতে সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

দু’বছরের স্নাতকোত্তর প্রথম বর্ষের পঠনপাঠন জুলাই থেকেই শুরু করা হবে বলে জানান এক কর্তা। বিজ্ঞানের মতো কলা ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রেও এই একই সিদ্ধান্ত হতে পারে বলে খবর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২১:২০

ছবি: সংগৃহীত।

স্নাতকের ষষ্ঠ সেমেস্টারের আগেই দু’বছরের স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার রাজাবাজার সায়েন্স কলেজের ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

দু’বছরের স্নাতকোত্তর প্রথম বর্ষের পঠনপাঠন জুলাই থেকেই শুরু করা হবে বলে জানান এক কর্তা। বিজ্ঞানের মতো কলা ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রেও এই একই সিদ্ধান্ত হতে পারে বলে খবর।

বিশ্ববিদ্যালয় সূত্রের জানা গিয়েছে, সাধারণত জুন মাসে কলেজগুলিতে তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমেস্টার পরীক্ষা হয়ে থাকে। এ দিন সিদ্ধান্ত হয়েছে যে সব পড়ুয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের বিষয়ে দু’বছরের স্নাতকোত্তরে ভর্তি হতে চান তাঁদের জন্য মে মাসেই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ ষষ্ঠ সেমেস্টারের আগেই তাঁরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। জুলাই থেকেই যাতে পঠনপাঠন শুরু করা যায়,এ দিন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান এক কর্তা।

Advertisement

২০২৩ সালে যে সব পড়ুয়া স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তাঁরা নতুন শিক্ষানীতির আওতায় পড়ছেন। তাঁরা তিন বছরের স্নাতক শেষ করে স্নাতকোত্তরের জন্য বিশ্ববিদ্যালয়েও ভর্তি হতে পারেন আবার কলেজে চার বছরের স্নাতক অনার্স অথবা ‘অনার্স উইথ রিসার্চ’ করতে পারেন। তাই বিশ্ববিদ্যালয়ের তরফে ওই সব পড়ুয়ার কাছে আগেই ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। সে জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছে শিক্ষা মহল।

পাশাপাশি জানা গিয়েছে, ২০ এবং ২১ এপ্রিল বিভিন্ন কলেজের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোন কোন কলেজে ‘অনার্স উইথ রিসার্চ’ চালু করা যায় তা নিয়েই আলোচনা হবে। নতুন শিক্ষা নীতি অনুযায়ী কলেজেও অনার্স উইথ রিসার্চ কোর্স করে সরাসরি গবেষণার পথে যেতে পারবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, ইতিমধ্যে বিভিন্ন কলেজের পরিকাঠামো সম্পর্কে বিশ্ববিদ্যালয় ওয়াকিবহাল রয়েছে। ওই বৈঠকে আলোচনা করে ঠিক করা হতে পারে যে কোন কলেজগুলিতে এই কোর্স চালানোর অনুমতি দেওয়া হবে। গবেষণার পরিকাঠামো রয়েছে কি না তাই যাচাই করে নিতে চায় বিশ্ববিদ্যালয়।

Exam pg
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy