Advertisement
E-Paper

উচ্চ মাধ্যমিকে বন্ধ হচ্ছে সেমেস্টার পদ্ধতি! বিজ্ঞপ্তি নিয়ে পুলিশের দ্বারস্থ শিক্ষা সংসদ

২০২৫ উচ্চ মাধ্যমিক হয়েছে সেমেস্টার পদ্ধতি। সারা দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম এই পদ্ধতি প্রবর্তিত হয়েছে। যদিও উচ্চ মাধ্যমিক শেষ হতে না হতেই সংসদ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল চিরঞ্জীব ভট্টাচার্যকে। গত মার্চেই তাঁর জায়গায় আসেন পার্থ কর্মকার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৮:৫৮

— প্রতীকী চিত্র।

চলতি শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি বন্ধ করা হচ্ছে। এমনই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে ২ এপ্রিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ‘লেটার হেড’–এ সংসদের সভাপতি পার্থ কর্মকারের স্বাক্ষর-সহ এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়তেই শোরগোল।

তার পরই নড়ে বসে সংসদ। জানা যায় সম্পূর্ণ ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়েছে। কী ভাবে এই ভুয়ো বিজ্ঞপ্তি তৈরি হল এবং কী ভাবে তা ছড়িয়ে পড়ল তা জানতে তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সংসদ।

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানিয়েছে, সেমেস্টার পদ্ধতি বাতিল সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সংসদের নামে ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। এর সঙ্গে সংসদের কোনও সম্পর্ক নেই।

Advertisement

জানা গিয়েছে, ওই বিজ্ঞপ্তিতে ১ এপ্রিল তারিখের উল্লেখ রয়েছে। এই প্রথম নয়। ১ এপ্রিল পুরুলিয়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের নামেও একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। পরে জানা যায় সেটি ভুয়ো। এ ভাবে একের পর এক ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন শিক্ষামহল।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, দাবি জানাচ্ছি।’’ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘‘বারবার কারা পর্ষদ এবং সংসদের নাম করে এমন ভুয়ো নির্দেশিকা বের করছে, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এর আগেও বিভিন্ন ইস্যুতে এমন ভুয়ো নির্দেশিকা ছড়িয়ে পড়েছে। কে বা কারা আলোড়ন তৈরি করার অপচেষ্টা করছে।’’

এ বিষয়ে সংসদের সভাপতি পার্থ কর্মকার অবশ্য বলেন, ‘‘সংসদের নামাঙ্কিত পাতায় ভুয়ো তথ্য ছাপা হয়েছে। কারা সংসদকে কালিমালিপ্ত করতে চাইছে তা প্রকাশ্যে আসা প্রয়োজন। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার জন্যই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।’’

WBCHSE 2026 notification
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy