Advertisement
E-Paper

বেঞ্চ, ব্ল্যাক বোর্ড বাইরে ফেলে দরজায় তালা লাগিয়ে দিয়েছে বহিরাগতেরা! গড়িয়াহাটের স্কুলে ঠিক কী ঘটেছে?

শুক্রবার বেলা ৩টে নাগাদ একদল যুবক স্কুলর মূল ফটকে ধাক্কাধাক্কি শুরু করেন বলে অভিযোগ। ভিতরে থাকা মহিলাকে বার বার দরজা খুলে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। ভয় পেয়ে এক সময় তিনি দরজা খুলতে বাধ্য হন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৪:৪৪
What happened at Kamala Chatterjee School for Girls on Friday afternoon

ক্লাসঘর থেকে বের করে দেওয়া হয়েছে বেঞ্চ। নিজস্ব চিত্র।

১৯৩৯ সাল থেকে ভাড়া নেওয়া বাড়িতে হঠাৎই উচ্ছেদ? দক্ষিণ কলকাতা ফার্ন রোডের স্কুলে তাণ্ডবের ঘটনায় উঠতে শুরু করেছে এমনই প্রশ্ন। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে চাইছেন না কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ১৯৩৯ সালে কমলাদেবী চট্টোপাধ্যায় নামাঙ্কিত স্কুল ‘কমলা চ্যাটার্জি স্কুল ফর গার্লস’-এর পথ চলা শুরু। প্রথম দিন থেকেই ওই ভবনটি ভাড়া নিয়ে চলছে পঠনপাঠন। সূত্রের খবর, প্রায় ৮৭ বছরের এই স্কুল এখনও ভাড়ার টাকা পাঠিয়ে দেয় একটি নির্দিষ্ট ঠিকানায়। কিন্তু গত কয়েক মাস ধরে সেই ভাড়া কেউ গ্রহণ করছেন না। যদিও স্কুল কর্তৃপক্ষকে উঠে যাওয়ার নোটিস দেওয়া হয়নি বলেই দাবি।

শনিবার স্কুলে গিয়ে দেখা যায়, বেঞ্চ, চেয়ার-টেবিল, ব্ল্যাক বোর্ডের স্তূপ উঠোনে। ক্লাস ঘরের দরজা বন্ধ, বাইরে থেকে তালা দেওয়া— একটির উপর আর একটি।

What happened at Kamala Chatterjee School for Girls on Friday afternoon

ব্ল্যাক বোর্ডের ঠাঁই হয়েছে উঠোনে। নিজস্ব চিত্র

সূত্রের খবর, মধ্য শিক্ষা পর্ষদের অধীন এই স্কুলে এখন চলছে গ্রীষ্মাবকাশ। তাই শুক্রবার স্কুল বন্ধই ছিল। ভিতরে ছিলেন ভবন তদারকির দায়িত্বে থাকা এক মহিলা এবং তাঁর স্নাতক পাঠরতা কন্যা। শুক্রবার বেলা ৩টে নাগাদ একদল যুবক স্কুলর মূল ফটকে ধাক্কাধাক্কি শুরু করেন বলে অভিযোগ। ভিতরে থাকা মহিলাকে বার বার দরজা খুলে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। ভয় পেয়ে এক সময় তিনি দরজা খুলতে বাধ্য হন। তাঁর অভিযোগ, এর পরই স্কুল চত্বরে ঢুকে এসে তাণ্ডব শুরু করেন ওই যুবকেরা। ক্লাস ঘর থেকে একের পর এক চেয়ার-টেবিল বাইরে বের করে দিতে থাকেন তাঁরা। তার পর ওই সব ঘরের দরজায় তালা লাগিয়ে দেন।

খবর পেয়ে স্কুলে উপস্থিত হন প্রধানশিক্ষিকা দেবযানী দাস। তখনই খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়। অভিযোগ তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করে দুষ্কৃতীদল। দেবযানী বলেন, “যা ঘটেছে সিসি ক্যামেরায় সব রেকর্ডিং রয়েছে। পুলিশের পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ করা হয়েছে।”

যদিও প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, শনিবার ভোরে হামলার ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ জানান, শুক্রবার বিকেলেই এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা স্কুলশিক্ষা দফতর সূত্রের জানা গিয়েছে, আগামী সোমবার প্রধানশিক্ষিকার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি ভাড়া সংক্রান্ত একটি মামলা চলছে। এ বিষয়ে আদালতের নির্দেশ পেয়েই সম্প্রতি ওই ভবন ফাঁকা করতে উদ্যোগী হয়েছিলেন মালিক পক্ষ। শুক্রবার স্কুল কর্তৃপক্ষের তরফে অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যায় গড়িয়াহাট থানার পুলিশ। দু’পক্ষের কাছেই নথি চেয়ে পাঠানো হয়েছে বলে খবর।

Vandalism Kolkata School west bengal school education department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy