প্রধান ফটক টপকে স্কুলের ভিতরে ঢুকে ভাঙচুর। খাস কলকাতার বালিকা বিদ্যালয়ে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী, অভিযোগ এমনই। স্কুল সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ।
গড়িয়াহাট থানার এলাকার কমলা চ্যাটার্জী গার্লস হাইস্কুলে শনিবার ভোরে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সকালেই স্কুল কর্তৃপক্ষ গড়িয়াহাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁদের একটি ভবন নিজস্ব নয়। ভাড়া নিয়ে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ক্লাস হয়। ওই ভবনেই ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি। ওই স্কুলে রয়েছে নজরদার ক্যামেরা। সেখানে ধরা পড়েছে, ভোররাতে একদল যুবক স্কুলের প্রধান দরজা টপকে স্কুলের ভিতরে ঢুকে পড়ছে। তার পর ওই ভবনে ভাঙচুর চালায়।
প্রধানশিক্ষিকা দেবযানী দাস বলেন, “সকালে স্কুলে এসে দেখা যায়, সব তছনছ করে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরায় সব রেকর্ডিং রয়েছে। পুলিশের পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ করা হয়েছে।”
জেলা স্কুলশিক্ষা দফতর সূত্রের জানা গিয়েছে, আগামী সোমবার প্রধানশিক্ষিকার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে।