জলযানের নকশা তৈরি করেন ওশন ইঞ্জিনিয়ার। এই বিষয় নিয়ে পড়াশোনা করলে সামুদ্রিক পরিবেশ, ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের জাহাজ, সাবমেরিন বা নানা ধরনের জলযানের নকশা তৈরির কৌশল শেখা যায়।
সমুদ্রের তলদেশ থেকে খনিজ তেল উত্তোলনের জন্য প্রয়োজনীয় যন্ত্রও তৈরি করেন ওশন ইঞ্জিনিয়ারেরা। পাশাপাশি, উপকূলবর্তী এলাকা সুরক্ষিত রাখতে বিশেষ প্ল্যাটফর্ম তৈরির কাজও তাঁরাই করে থাকেন। এ বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ কারা পেতে পারেন, রইল তার বিশদ তথ্য।
কারা পড়তে পারবেন এই বিষয় নিয়ে?
ওশন ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ মিলতে পারে দু’ভাবে—
১। বিজ্ঞান বিভাগে যাঁরা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তাঁরা জয়েন্ট এন্ট্রানস্ এগ্জ়ামিনেশন মেন এবং অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হলে ওশন ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন।
২। এ ছাড়া যাঁরা সিভিল, মেরিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা নেভাল আর্কিটেকচার বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও স্নাতকোত্তর স্তরে ওশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনার পর পিএইচডি করার সুযোগও মেলে।
ছবি: সংগৃহীত।
কী শেখানো হয়?
পড়ুয়াদের ওশন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে সমুদ্রের বুকে, তলদেশে এবং উপকূল অঞ্চলে থাকা তেল উত্তোলনকারী প্ল্যাটফর্ম (অফশোর অয়েল রিগ), জাহাজ ঘাঁটি, জাহাজ বন্দরের মতো বিভিন্ন ধরনের কাঠামো নির্মাণ এবং তা রক্ষণাবেক্ষণের খুঁটিনাটি শেখানো হয়ে থাকে। পাশাপাশি, তাঁরা সমুদ্রের উষ্ণতা, জলের প্লবতা, ঢেউয়ের গতির অভিমুখ অনুযায়ী, জাহাজ, সাবমেরিন, জেট স্কি, প্রমোদতরীর মতো জলযান তৈরি করার কৌশল শিখতে পারবেন।
এ ছাড়াও সামুদ্রিক বিপর্যয় থেকে উপকূলীয় এলাকাকে কী ভাবে সুরক্ষিত রাখতে হবে, তা নিয়েও চর্চার সুযোগ রয়েছে।
কোথায় পড়ানো হয় বিষয়টি?
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর, মাদ্রাজ এবং বোম্বে-তে ওশন ইঞ্জিনিয়ারিং বিষয়টি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ানো হয়ে থাকে। উল্লিখিত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য জয়েন্ট এন্ট্রানস্ কিংবা গেট উত্তীর্ণ হতে হবে।
- এ ছাড়াও ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি থেকেও ওশন ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। তবে, ওই বিষয়টির সঙ্গে নেভাল আর্কিটেকচারও পড়তে হবে। ভর্তি হওয়ার জন্য ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কমন এন্ট্রানস্ টেস্ট-এ উত্তীর্ণ হওয়া আবশ্যক।
- পড়ুয়ারা উল্লিখিত প্রতিষ্ঠান থেকেই পিএইচডি-র সুযোগ পাবেন।
কাজের সুযোগ:
দেশ ও বিদেশের বিভিন্ন জাহাজ নির্মাণ সংস্থা, তেল উত্তোলনকারী সংস্থা, জাহাজ বন্দরে ওশন ইঞ্জিনিয়ারিং বিষয় বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়ে থাকে। এ ছাড়াও ভারতীয় নৌসেনায় ওশন ইঞ্জিনিয়ারদের বিশেষ বিভাগে কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে।
এ দেশে অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি), অয়েল ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, কোচিন শিপইয়ার্ড, নাভাল ডকইয়ার্ড, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এর মতো বিভিন্ন সংস্থায় ওশন ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে।
এ ছাড়াও দেশ ও বিদেশের যে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ওশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়ে থাকে, সেখানেও অধ্যাপনা এবং গবেষণার সুযোগও পাওয়া যেতে পারে।