Advertisement
E-Paper

কৃত্রিম মেধার ভাল-মন্দ শেখার সুযোগ দেবে কেন্দ্র, কী ভাবে শিখতে পারবেন আগ্রহীরা?

দেশের তরুণ প্রজন্ম, বিশেষত পড়ুয়াদের কৃত্রিম মেধা ব্যবহারে সঠিক দিশা দেখাতে বিশেষ পদক্ষেপ কেন্দ্রের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৫

ছবি: এআই।

গত দু’বছরে ক্রমশ বেড়েছে কৃত্রিম মেধার দাপট। নানা ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার চলছে। কিন্তু কতটা সচেতন ভাবে কৃত্রিম মেধা ব্যবহার করতে হবে, কী কী বিষয় মাথায় রাখতে হবে, তা জানা যাবে কী ভাবে? এ প্রশ্নই এখন সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে। সে উদ্দেশেই দেশের তরুণ প্রজন্মকে পড়ুয়াদের কৃত্রিম মেধা ব্যবহারে দিশা দেখাতে ‘যুব এআই ফর অল’ চালু করেছে কেন্দ্র।

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক-এর তরফে ‘যুব এআই ফর অল’ শীর্ষক পোর্টালের মাধ্যমে নিখরচায় কৃত্রিম মেধার প্রয়োগ কী ভাবে এবং কোথায় করা যেতে পারে, তা শেখানো হবে। পড়ুয়ারা অনলাইনেই সেই ক্লাস করতে পারবেন। তবে, শুধু পড়ুয়াই নয়, দেশের যে কোনও নাগরিকে ইন্টারনেট পরিষেবা এবং নিজস্ব ফোন বা ল্যাপটপের সাহায্যে এই বিষয়টি শিখে নিতে পারবেন।

পাশাপাশি, ওই বিশেষ প্রকল্পের অধীনে ‘কৌশল রথ’ শীর্ষক বিশেষ মোবাইল ল্যাব দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তরুণ প্রজন্মকে কৃত্রিম মেধার খুঁটিনাটি শেখাবে। ওই ল্যাবে ইন্টারনেট পরিষেবা, বিশেষ অডিয়ো ভিস্যুয়াল টুল এবং ল্যাপটপ রাখা থাকবে, যার মাধ্যমে পড়ুয়া বা সাধারণ মানুষ হাতেকলমে কৃত্রিম মেধার ব্যবহার শিখে নিতে পারবেন। ক্লাস করাবেন ‘ইন্ডিয়া এআই মিশন’-এর গবেষক এবং বিশেষজ্ঞেরা।

মূলত কৃত্রিম মেধা বিষয়ে মানুষের ভুল ধারণা ভাঙতে এবং প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধি করতেই কেন্দ্র উদ্যোগী। তাই অনলাইন মাধ্যমে ক্লাসের পাশাপাশি, মোবাইল ল্যাবের মাধ্যমে সরাসরি হাতেকলমে কৃত্রিম মেধার খুঁটিনাটি শেখানোর ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, আইটিআই প্রতিষ্ঠানগুলিতে ওই বিশেষ ল্যাব নির্দিষ্ট দিনের জন্য উপস্থিত থাকবে। সেখানকার পড়ুয়াদের দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির আবহে এই প্রযুক্তি সুরক্ষিত ভাবে ব্যবহার করা যাবে কিনা, এর ভবিষ্যৎ সম্ভাবনাগুলি কী কী— এই সবই শেখানো হবে।

impact of artificial intelligence Ministry of Electronics & Information Technology Virtual Learning
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy