Advertisement
E-Paper

দুর্ঘটনায় জখম ব্যারাকপুরের বিজেপি প্রার্থী আর কে হান্ডা

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৪ ১৭:৫৫
জখম বিজেপি প্রার্থী আর কে হান্ডা। সোমবার।

জখম বিজেপি প্রার্থী আর কে হান্ডা। সোমবার।

নির্বাচনী প্রচারে বেরিয়ে পথ দুর্ঘটনায় জখম হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুমেশকুমার হান্ডা। সোমবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে খড়দহের ডাঙাদিঘিলায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। চিকিত্সকেরা জানিয়েছেন, রুমেশবাবুর কোমরের হাড়ে চিড় ধরেছে। তাঁর বুকে চোট লাগলেও, তা গুরুতর নয়।

সোমবার দুপুর পৌনে ১টা নাগাদ সল্টলেকের বাড়ি থেকে একটি এসইউভি গাড়িতে ব্যারাকপুরের উদ্দেশে বেরোন রুমেশবাবু। গাড়িতে চালকের পাশেই বসেছিলেন তিনি। চালক-সহ রুমেশবাবুর গাড়িতে ছিলেন তাঁর নাতি রৌনক হান্ডাও।

খড়দহের ডাঙাদিঘিলায় উল্টো দিক থেকে আসা একটি মারুতির সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’টি গাড়িই অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ওই মারুতিটিতে চালক-সহ ছয় জন যাত্রী ছিলেন। সংঘর্ষের ফলে মারুতির চালক গুরুতর ভাবে আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনায় রুমেশবাবুর গাড়ির ডান দিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয়েছে মারুতি গাড়িটির-ও।

দুর্ঘটনার খবর পেয়ে এ দিন হাসপাতালে রুমেশবাবুকে দেখতে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সম্রাট তপাদার। তিনি রুমেশবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন।

—নিজস্ব চিত্র।

accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy