কলকাতায় পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু ও এক জনের আহত হওয়ার ঘটনা ঘটল।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মেটিয়াবুরুজের গোরাচাঁদ রোডের কাছে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হন এক ব্যক্তি। মৃতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন রাতে রাস্তা পার হতে গিয়ে হঠাৎই একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই ব্যক্তির। এর পরে গাড়িটি তাঁকে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারাই খবর দেয় পুলিশে। পুলিশ তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটির সন্ধান চালাচ্ছে পুলিশ।
অন্য দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ লালবাজারের কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিটে। ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হয় এক বৃদ্ধের। পুলিশ জানায়, মৃতের নাম কেদারনাথ দত্ত (৭৫)। বাড়ি গোপাল মল্লিক লেনে। এ দিন রাস্তা পার হওয়ার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান কেদারবাবু। সেই সময় একটি ট্যাক্সির সঙ্গে তাঁর ধাক্কা লাগে। ঘটনাস্থল থেকে কয়েক জন পুলিশকর্মী ওই ট্যাক্সি করেই কেদারবাবুকে মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা।
এ দিনই অন্য একটি ঘটনায় আহত হন জোড়াসাঁকো থানার পুলিশের গাড়িচালক জিতেন্দ্রনাথ দাস। পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ কাজে আসার সময় মাঝেরহাটের কাছে একটি গাড়ির সঙ্গে জিতেন্দ্রনাথবাবুর ধাক্কা লাগে। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে বলে জানিয়েছে পুলিশ।